টেকনাফে স্ত্রীর আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে স্বামীর বিরুদ্ধে মামলা
কক্সবাজারের টেকনাফে নাজুমা আক্তার (২৩) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ওই গৃহবধূর বড় ভাই আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে স্বামীসহ ছয়জনের বিরুদ্ধে টেকনাফ থানায় মামলা করেছেন।
টেকনাফ সদর ইউনিয়নের দক্ষিণ লেঙ্গুর বিল এলাকার নাজুমা আক্তারের পাঁচ বছর আগে একই ইউনিয়নের রাজারছড়া এলাকার নবী হোছেনের সঙ্গে বিয়ে হয়। এই দম্পতির দুটি কন্যাসন্তান আছে।
মামলার এজাহারে বলা হয়, বিয়ের দুই বছর পর নবী হোছেন এক নারীর সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েন। এর প্রতিবাদ করায় নাজুমার ওপর নির্যাতন চালিয়ে আসছিলেন নবী হোছেন। গত বৃহস্পতিবারও তাঁর ওপর নির্যাতন চালানো হয়। নির্যাতন সহ্য করতে না পেরে নাজুমা নিজ কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না জড়িয়ে আত্মহত্যা করেন।
পুলিশ জানায়, খবর পেয়ে পুলিশ বৃহস্পতিবার রাত নয়টার দিকে শ্বশুরবাড়ি থেকে নাজুমার লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য গতকাল শুক্রবার লাশটি কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ আরও জানায়, এ ঘটনায় নাজুমার বড় ভাই বৃহস্পতিবার রাতে নবী হোছেনসহ ছয়জনকে আসামি করে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা করেছেন।
নাজুমার বড় ভাই সরোয়ার আলম বলেন, নাজুমার শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন আছে।
মুঠোফোন বন্ধ থাকায় এ ব্যাপারে নবী হোছেনের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
টেকনাফ মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. কবির হোসেন বলেন, মামলার আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।