টেকনাফে স্বেচ্ছাশ্রমে বাঁধ নির্মাণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জলাবদ্ধতা থেকে মুক্তি পেতে স্বেচ্ছাশ্রমে বেড়িবাঁধ নির্মাণে কক্সবাজারের টেকনাফের সাবরাং ইউনিয়নের হাজি বশির আহমদ উচ্চবিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষার্থীসহ শিক্ষকেরা কাজ করছেন।
এলাকাবাসীর দািব, বেড়িবাঁধটি প্রায় দুই বছর ধরে খোলা থাকায় প্রতিনিয়ত জোয়ার-ভাটায় ১৪টি গ্রাম প্লাবিত হয়ে আসছিল। এর পরও বাঁধটি মেরামতে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কোনো ধরনের ব্যবস্থা নেয়নি।
গত বৃহস্পতিবার ও গতকাল শুক্রবার শাহপরীর দ্বীপ পশ্চিমপাড়ায় বেড়িবাঁধ নির্মাণে হাজি বশির আহমদ উচ্চবিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষার্থী ও শিক্ষকেরা স্বেচ্ছাশ্রমে বাঁধ নির্মাণ কাজে অংশ নেন। ওই স্থানে সাবরাং ইউপির প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ ইসমাইলের নেতৃত্বে ৬ মে থেকে খোলা অংশ দিয়ে জোয়ারের পানি যাতে প্রবেশ করতে না পারে, সে জন্য তিন শতাধিক শ্রমিক নিয়মিত কাজ করছেন।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. শামসুল আলম বলেন, ‘দেশ গঠনে শিক্ষক ও ছাত্ররা অপরিহার্য ভূমিকা রাখতে পারে, এ প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীদের আগমনে তার প্রতিচ্ছবি বাস্তবে প্রতিফলিত হয়েছে। আমি তাদের অভিনন্দন জানাই এবং সর্বস্তরের মানুষ এভাবে এগিয়ে এলে যেকোনো সমস্যার সমাধান সম্ভব।’
সাবরাং ইউপির প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ ইসমাইল বলেন, পানি উন্নয়ন বোর্ড প্রায় দুই বছর ধরে কোনো ব্যবস্থা না নেওয়ায় এলাকাবাসী ও স্থানীয় সাংসদের সহযোগিতায় বর্ষার আগে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে বাঁধটির নির্মাণকাজ শুরু করা হয়েছে।
পাউবোর নির্বাহী প্রকৌশলী এ কে এম শফিকুল হক বলেন, ‘এলাকাবাসী ও শিক্ষার্থীদের প্রচেষ্টায় স্বেচ্ছাশ্রমে বাঁধটি নির্মাণ শুরু করা হয়েছে বলে শুনেছি। তাই বাঁধটি টেকসই করার জন্য বিশেষ বরাদ্দ চেয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে একটি চিঠি পাঠানো হচ্ছে।’