টেকনাফে হঠাৎ বৃষ্টিতে মাঠেই গলে গেল লবণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফে গতকাল মঙ্গলবার বিকেল ও সন্ধ্যায় দুই দফা বৃষ্টিতে গলে গেছে প্রায় ২ কোটি টাকার লবণ ও কাঁচা ইট। এতে বিপাকে পড়েছেন লবণচাষি ও ইটভাটার মালিকেরা।
টেকনাফের সাবরাং লেজিরপাড়ার লবণচাষি নুরুল হক ও মো. দেলোয়ার বলেন, মৌসুমের প্রথম দিকে প্রতি মণ লবণের দাম ছিল ১২০-১৪০ টাকা। অবরোধ ও হরতালের কারণে ট্রাকভাড়া বেড়ে যাওয়ায় প্রতি মণ লবণের দাম কমে ৬০-৭০ টাকা বিক্রি হওয়ায় উৎপাদিত লবণ মাঠে খোলা অবস্থায় মজুত রাখা হয়েছিল। কিন্তু বৃষ্টিতে লবণ মাঠেই গলে গেছে।
উপজেলা লবণচাষি কল্যাণ সমিতির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. শফিক মিয়া জানান, মাঠে উৎপাদিত প্রায় আড়াই লাখ মণ লবণ গলে পানি হয়ে গেছে। এর বাজারমূল্য দেড় কোটি টাকা। ক্ষতিগ্রস্ত লবণের মাঠ পুনরায় উপযোগী করে তুলতে অন্তত ১৫ দিন সময় লাগবে চাষিদের।
বিসিক সূত্র জানায়, চলতি মৌসুমে উপজেলায় প্রায় ১০ হাজার একর জমিতে লবণের চাষ হয়। গত মৌসুমের ক্ষতি পুষিয়ে নিতে চলতি মৌসুমে আগেভাগে লবণের চাষ শুরু করা হয়। জেআরবি ও এআরবি ব্রিকস ফিল্ডের ব্যবস্থাপক আলী আহমদ বলেন, উপজেলার সাতটি ইটভাটায় পোড়ানোর জন্য প্রায় ২০ লাখের মতো কাঁচা ইট তৈরি ছিল। কিন্তু গতকাল হঠাৎ বৃষ্টিতে ভিজে ইট নষ্ট হয়ে গেছে।