টেকনাফে হরিণ শিকারিদের হামলায় চারজন আহত
কক্সবাজারের টেকনাফে গতকাল সোমবার হরিণ শিকারিদের হামলায় বন কর্মকর্তাসহ চারজন আহত হয়েছেন। এ ঘটনায় টেকনাফ মডেল থানায় একটি মামলা হয়েছে।বন বিভাগ সূত্র জানায়, গতকাল সকালে টেকনাফ সদর ইউনিয়নের মাঠপাড়া পাহাড়ি এলাকায় স্থানীয় লোকজন হরিণ শিকার করে ভাগ-বাটোয়ারা করছে—এমন খবরে বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা সেখানে হাজির হন। এ সময় তাঁদের উপস্থিতি টের পেয়ে শিকারিরা পালিয়ে যায়। পরে বন বিভাগের কর্মীরা সেখান থেকে হরিণের শিং, মাথা, মাংস ও চামড়া জব্দ করেন। ফেরার পথে শিকারিরা কিরিচ, লোহার রড ও রামদা নিয়ে তাঁদের ওপর হামলা চালায়। এ সময় শিকারিরা জব্দ করা হরিণের শিং, মাথা, মাংস ও চামড়া নিয়ে পালিয়ে যায়।বন বিভাগের কর্মীদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।এ ঘটনায় বন বিভাগের টেকনাফ সদরের বিট কর্মকর্তা কামরুল হাসান টেকনাফ মডেল থানায় একটি মামলা করেন। মামলায় হোছন আহমদ (৩৭), সোনা মিয়া (৩৩), আবদুর রহমান ওরফে লেদাইয়াকে (৩৫) আসামি করা হয়েছে।জেলা দক্ষিণ বন বিভাগের বনসংরক্ষক (এসিএফ) আবদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।