টেকনাফে হাকিমের ওপর হামলা, নয় প্রার্থীকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ উপজেলায় নির্বাচন কমিশনের ভ্রাম্যমাণ আদালতের একজন কর্তব্যরত হাকিমের ওপর আওয়ামী লীগ-সমর্থিত মেয়র পদপ্রার্থীর লোকজন হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। হামলায় আহত ওই হাকিম হলেন কক্সবাজার সদরের সহকারী কমিশনার (ভূমি) আবদুর রহমান। এ ঘটনায় একজন মেয়র ও আটজন কাউন্সিলর পদপ্রার্থীকে জরিমানা করা হয়েছে।প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গত শনিবার সন্ধ্যা সাতটার দিকে টেকনাফ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) মাঠে জনসমাবেশ করার জন্য আওয়ামী লীগ-সমর্থিত মেয়র পদপ্রার্থী এবং কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাংসদ আবদুর রহমান বদির আপন চাচা মোহাম্মদ ইসলামের সমর্থকেরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সেখানে আসতে থাকে। এ সময় টেকনাফ পৌরসভার নির্বাচন পর্যবেক্ষণে দায়িত্বরত ভ্রাম্যমাণ আদালতের হাকিম আবদুর রহমান জনসভা অনুষ্ঠানের ভিডিওচিত্র ধারণ করছিলেন। তাঁকে ভিডিও করতে দেখে একদল যুবক তাঁকে মারধর শুরু করে। এ সময় তিনি মাথায় আঘাত পান। এ ঘটনায় রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আ ন ম নাজিম উদ্দিন মেয়র পদপ্রার্থী মোহাম্মদ ইসলামকে ৪০ হাজার টাকা এবং আট কাউন্সিলর পদপ্রার্থীর প্রত্যেককে পাঁচ হাজার টাকা জরিমানা করেন। যে কাউন্সিলর প্রার্থীদের জরিমানা করা হয় তাঁরা হলেন—ফজল কবির, সৈয়দ হোসেন, মোহাম্মদ রফিক, মনিরুজ্জামান, মুজিবুর রহমান, ছৈয়দ হোসাইন, মোহাম্মদ ইউছুফ ও দিলদার বেগম।