টেকনাফে হাটবাজারে গরুর দাম কম, ব্যবসায়ীরা বিপাকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফে বিভিন্ন হাটবাজারে কোরবানির গরুর দাম কম। এতে গরুর ব্যবসায়ীরা বিপাকে পড়েছেন। সরেজমিনে টেকনাফ ও আশপাশ এলাকার শাহপরীর দ্বীপ, সাবরাং, হ্নীলা, বাহারছড়া, হোয়াইক্যং ও সেন্টমার্টিন বাজার ঘুরে দেখা গেছে, এবারের ঈদে গরুর বাজার নিম্নমুখী। বাজারে আসা গরুর দাম খুব কম। ক্রেতাদের ভিড়ও তেমন একটা চোখে পড়েনি। সাবরাং ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আলহাজ হামিদুর রহমান বলেন, এলাকার দরিদ্র লোকজন গরু পত্তন নিয়ে থাকেন। সাধারণত ঈদুল আজহার ছয় মাস বা এক বছর আগে সচ্ছল ব্যক্তিরা কোরবানি বা ব্যবসার জন্য গরু কিনে দরিদ্রদের কাছে পালনের জন্য দেন। এতে শর্ত থাকে গরুর খাবারের অর্ধেক মালিকপক্ষ, অর্ধেক পালনকারী বহন করবেন। গরু বিক্রির পর লাভের টাকা মালিক ও পালনকারী আধাআধি ভাগ করে নেবেন। কিন্তু এবার কোরবানির বাজার নিম্নমুখী হওয়ায় পালনকারীদের চিন্তা বেড়ে গেছে।টেকনাফ সদরের ইউপির চেয়ারম্যান নুরুল আলম বলেন, এলাকায় অর্ধশতাধিক গরু পালনকারী রয়েছেন। এবার বাজারের যে হাল, তাতে লাভের টাকা গোনার চেয়ে পালনকারীদের লোকসান গুনতে হবে। এতে তাঁদের আর্থিক সংকটে পড়তে হবে।টেকনাফ পাইলট উচ্চবিদ্যালয় মাঠের হাটে আসা গোদারবিল গ্রামের মোহামঞ্চদ সেবর আলম জানান, ছয় মাস আগে ৪০ হাজার টাকায় কেনা গরুটি তিনি পালনের জন্য মালিকের কাছ থেকে পত্তন নেন। লালন-পালন করতে খরচ হয়েছে ১০ হাজার টাকারও বেশি। গরুটি বাজারে আনার পর দাম উঠেছে ৫৫ হাজার টাকা। এতে তাঁকে লোকসান গুনতে হচ্ছে। অথচ গত বছর এমন গরুর দাম উঠেছিল ৮০ হাজার টাকারও বেশি। স্থানীয় ব্যবসায়ী গফুর আলম জানান, তিনিসহ তাঁর আরও দুই অংশীদার বাজারে গরু কিনতে এসে বেশ খুশি। কারণ, বাজারে এবার গরুর দাম অনেকটাই কম। তাঁরা ৪২ হাজার টাকায় যে গরুটি কিনেছেন, গত বছর এমন গরুর দাম ছিল ৬০ হাজার টাকা।একাধিক গরুর ব্যবসায়ী বলেন, মিয়ানমার ও ভারত সীমান্তের ওপার থেকে পশু আমদানির পরিমাণ বেড়ে গেছে। তাই চট্টগ্রাম ও ঢাকার পাইকারেরা এদিকে আসছেন না। এতে বাজার চাঙা হওয়ার বদলে নিম্নমুখী হয়ে গেছে।