টেকনাফে হাতির আক্রমণে কাঠুরিয়ার মৃত্যু, আহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়ার পাহাড়ি এলাকায় হাতির আক্রমণে এক কাঠুরিয়া মারা গেছেন। আহত হয়েছেন আরেকজন। আহত ব্যক্তিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বন বিভাগ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গত রবিবার বিকেলে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের উত্তর শীলখালী এলাকার ছৈয়দ আহমদ, নবী হোসেন ও খলিলুর রহমান নামের তিন কাঠুরিয়া পাহাড়ে কাঠ সংগ্রহ করতে যান। তাঁরা একদল বন্য হাতির কবলে পড়লে নবী হোসেন ও খলিলুর রহমান দৌড়ে বাড়ি ফিরতে সক্ষম হন। গতকাল সোমবার সকালে ওই পাহাড়ি এলাকা থেকে ছৈয়দ আহমদের লাশ উদ্ধার করা হয়। অন্যদিকে একই দিন নোয়াখালী গ্রামের আজিজুর রহমানের ছেলে নুরুল হাসান (২৬) পাহাড়ে ছন সংগ্রহ করতে গেলে হাতির আক্রমণে গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মো. শাহ আলম জানান, পাহাড়ে হাতির আবাসস্থল নষ্ট হওয়ার পাশাপাশি খাদ্যাভাবে হাতির পাল লোকালয়ে নেমে আসছে। এতে লোকজন ঘন ঘন হাতির আক্রমণের শিকার হচ্ছে।বাহারছড়া উত্তর শীলখালীর বিট কর্মকর্তা মো. কাশেম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।বাহারছড়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) বিল্লাল হোসেন বলেন, নিহত কাঠুরিয়ার মরদেহ কক্সবাজার হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।