টেকনাফে হালনাগাদ ভোটার তালিকায় রোহিঙ্গাদের অন্তর্ভুক্তির অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ উপজেলায় হালনাগাদ ভোটার তালিকায় ভুয়া আইডি কার্ড দিয়ে নিজ নিজ ইউপি ও পৌরসভা থেকে জন্মনিবন্ধন কার্ড সংগ্রহ করে তথ্য ফরম পূরণ করছে বলে অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ রয়েছে, বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করার জন্য নির্বাচন কমিশনের নির্দেশ থাকলেও নিয়োগ করা তথ্য সংগ্রহকারীরা প্রভাবশালীদের বাড়িতে বসে রোহিঙ্গাদের তথ্য ফরম পূরণ করছেন। কিন্তু স্থানীয়দের ফরম নেই বলে জানিয়ে দেন।টেকনাফ সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড ধুমপেরাং বিল গ্রামের বাসিন্দা জলাল আহমদ বলেন, ‘আমার ছেলে মহিউদ্দিনকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য যাবতীয় কাগজপত্র তথ্য সংগ্রহকারী অর্জুন দাশের কাছে জমা দেওয়া হলেও ফরম নেই বলে ফিরিয়ে দিয়েছেন। জাল আইডি ও জন্মনিবন্ধন কার্ড সংগ্রহ করে রোহিঙ্গা ভোটার তালিকার ফরম পূরণ করছেন। এতে করে বাদ পড়ছেন স্থানীয় বাসিন্দারা।’টেকনাফ পৌরসভার ৪ নম্বর ওযার্ড পুরান পল্লান গ্রামের মোহামঞ্চদ ফারুক (২২) বলেন, ‘নির্বাচন কমিশন কর্তৃক প্রাপ্ত মা-বাবার জাতীয় পরিচয়পত্র, আপন ভাইবোন ও চাচা-ফুপুর জাতীয় পরিচয়পত্র, ১৭ ডিজিটের জন্মনিবন্ধন সনদ, জমির মালিকানার দলিল বা খতিয়ান ও বাদ পড়া ভোটারের ক্ষেত্রে সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যানের প্রত্যয়নপত্র জমা দেওয়া হলেও তথ্য ফরম পূরণ করতে পারিনি। তাই একটি ফরম পাওয়ার আশায় উপজেলা নির্বাচন অফিসের সামনে ভিড় করছি।’প্রতিবন্ধী আমির হোসেন ওরফে মংগলু বলেন, ‘আমি টেকনাফ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ভোটার। তথ্য সংগ্রহকারী মো. হারুন প্রভাবশালী ব্যক্তিদের বাড়িতে বসে রোহিঙ্গাদের ফরম পূরণ করলেও আমার ছেলে আব্দুর রহমানকে (২০) ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য ফরম নেই।’ উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, সারা দেশের মতো উপজেলায় গত ৭ অক্টোবর থেকে ১৬ অক্টোবর পর্যন্ত ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম চলছিল। এতে ভোটার ফরম সরবরাহ করা হয়েছে সাড়ে ১২ হাজার। তবে গত মঙ্গলবার এই ফরম শেষ হয়ে যাওয়ায় ব্যাহত হচ্ছে হালনাগাদের কাজ। উপজেলা নির্বাচন কর্মকর্তা সাইয়েদ মো. আনোয়ার খালেদ বলেন, সাড়ে ১২ হাজার ভোটার ফরম তথ্য সংগ্রহকারীদের বিতরণ করা হলেও তা গত মঙ্গলবার শেষ হয়ে গেছে। তাই যাঁরা ফরম পূরণ করতে পারেননি, তাঁদের রেজিস্টার্ড বইয়ে নাম অন্তর্ভুক্ত করার জন্য তথ্য সংগ্রহকারীকে নির্দেশ দেওয়া হয়েছে। যাঁদের রেজিস্টার্ড বইয়ে নাম অন্তর্ভুক্ত থাকবে, তাঁদের জন্য নিবার্চন কমিশন থেকে ফরম বরাদ্দ দেওয়ার পত্র পাঠানো হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) টেকনাফ নির্বাচন যাচাই-বাচাই কমিটির আহ্বায়ক মো. সামসুল ইসলাম বলেন, ‘নির্বাচন কমিশন থেকে যে সাতটি তথ্য ও নিবন্ধন ফরম-২-এর সঙ্গে সংযুক্ত করতে বলা হয়েছে এ অবস্থায় কোনো রোহিঙ্গা হালনাগাদ ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে পারবেন না। এর পরও কেউ রোহিঙ্গাদের অন্তর্ভুক্ত করে থাকলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’