টেকনাফে ১ লাখ ৩২ হাজার ইয়াবা জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও কোস্টগার্ডের পৃথক অভিযানে ১ লাখ ৩২ হাজার ইয়াবা বড়ি জব্দ করা হয়েছে। গত শুক্রবার রাতে অভিযান চালিয়ে ৩২ হাজার ইয়াবা জব্দ করে কোস্টগার্ড। গতকাল শনিবার সকালে বিজিবি অভিযান চালিয়ে জব্দ করে আরও এক লাখ ইয়াবা। তবে দুটি অভিযানেই কাউকে আটক করা যায়নি।
বিজিবি সূত্র জানায়, টেকনাফের হ্নীলা ইউনিয়নের জলিলের দিয়া এলাকা থেকে ইয়াবার একটি বড় চালান পাচার করা হতে পারে, এমন গোপন তথ্য ছিল বিজিবির কাছে। টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আবুজার আল জাহিদের নেতৃত্বে দমদমিয়ার সীমান্ত ফাঁড়ির বিশেষ একটি দল গতকাল সকাল থেকে জলিলের দিয়া এলাকায় অবস্থান নেয়।
বিজিবি সূত্র জানায়, সকাল ১০টার দিকে টহল দল দেখতে পায়, একজন লোক সাঁতরে তীরের দিকে উঠে আসছেন। নাফ নদীর তীরে উঠে আসার পর লোকটির হাতে দুটি ব্যাগ দেখতে পেয়ে তাঁকে ধাওয়া দেয় বিজিবি। এ সময় ব্যাগ দুটি ফেলে ওই লোক দৌড়ে নদীতে ঝাঁপ দিয়ে সাঁতরে মিয়ানমার জলসীমার শূন্য রেখা অতিক্রম করে চলে যাওয়ায় তাঁকে আটক করা সম্ভব হয়নি। পরে ফেলে যাওয়া ব্যাগ দুটি উদ্ধার করে বিজিবি। দুটি ব্যাগে এক লাখ ইয়াবা বড়ি পাওয়া যায়, যার মূল্য প্রায় তিন কোটি টাকা।
টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আবুজার আল জাহিদ প্রথম আলোকে বলেন, উদ্ধার করা ইয়াবা ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের উপস্থিতিতে এসব ইয়াবা ধ্বংস করা হবে।
এদিকে টেকনাফ সদর ইউনিয়নের কেরুনতলি এলাকার বেড়িবাঁধ থেকে গত শুক্রবার রাত ১০টার দিকে পরিত্যক্ত অবস্থায় ৩২ হাজার ইয়াবা উদ্ধার করে কোস্টগার্ড। এ ঘটনায় জড়িত কাউকে আটক করা যায়নি।
কোস্টগার্ড সূত্র জানায়, শুক্রবার রাতে মিয়ানমার থেকে ইয়াবার একটি চালান টেকনাফে আনা হচ্ছে, এমন তথ্যের ভিত্তিতে কোস্টগার্ড টেকনাফ স্টেশনের ইনচার্জ লে. নাফিউর রহমানের নেতৃত্বে একটি দল কেরুনতলি এলাকার বেড়িবাঁধে অবস্থান নেয়। রাত ১০টার দিকে সন্দেহভাজন এক ব্যক্তির হাতে একটি ব্যাগ দেখতে পেয়ে তাঁকে দাঁড়ানোর সংকেত দেওয়া হয়। ওই ব্যক্তি ব্যাগ ফেলে পাশের পাহাড়ে ঢুকে পালিয়ে যান। ব্যাগে ৩২ হাজার ইয়াবা বড়ি পাওয়া যায়।
কোস্টগার্ডের টেকনাফ স্টেশনের ইনচার্জ লে. নাফিউর রহমান প্রথম আলোকে বলেন, উদ্ধার করা ইয়াবা টেকনাফ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা দেওয়া হবে।