টেকনাফে ১০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার, সাতজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা অভিযান চালিয়ে দুটি নৌকাসহ সাতজনকে গ্রেপ্তার করেছে। এ সময় তাদের কাছ থেকে ১০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ইয়াবা বড়ি পাচারের গডফাদার হিসেবে পরিচিত নূর মোহাম্মদ ও মিয়ানমারের এক নাগরিক রয়েছেন।বিজিবি সূত্রে জানা যায়, বিজিবির হ্নীলা সীমান্ত ফাঁড়ির (বিওপি) কোম্পানি কমান্ডার নুরুল আমিনের নেতৃত্বে একটি দল গতকাল (সোমবার) বেলা সাড়ে তিনটায় নাফ নদে অভিযান চালিয়ে দুটি নৌকা আটক করে।নৌকা দুটিতে তল্লাশি চালিয়ে উপজেলার সদর ইউনিয়নের লেদা গ্রামের বাসিন্দা ও ইয়াবা বড়ি পাচারের গডফাদার হিসেবে পরিচিত নূর মোহাম্মদ (৩৫), মো. ফোরকান (২৫), মো. হাছান (৪০), সালেহ আহমদ (২৮), নূরুল আলম (২৮), কবির আহমদ ও মিয়ানমারের মংডুর লাল মিয়ার ছেলে মো. ইউনুচকে (৩৫) আটক করা হয়। তাঁদের টেকনাফ থানার পুলিশে সোপর্দ করা হয়েছে। গ্রেপ্তার হওয়া নূর মোহাম্মদ বলেন, ‘মিয়ানমার থেকে ১০ হাজার ইয়াবা বড়ি নিয়ে টেকনাফে আসার সময় ধরা পড়ি।’টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল হক প্রথম আলোকে বলেন, বিজিবি বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেছে। নূর মোহাম্মদের বিরুদ্ধে মাদক পাচারের আরও কয়েকটি মামলা রয়েছে।৪২ বর্ডার গার্ড বাংলাদেশ টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জাহিদ হাসান প্রথম আলোকে জানান, পাচারকারীদের টেকনাফ থানায় সোপর্দ ও নৌকা দুটি শুল্ক বিভাগে জমা দেওয়া হয়েছে। অভিযান অব্যাহত থাকবে।