টেকনাফে ১২ হাজার ইয়াবাসহ আটক-৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও র‌্যাব সদস্যরা উপজেলার বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে প্রায় ১২ হাজার ইয়াবা বড়িসহ চার পাচারকারীকে আটক করেছে। টেকনাফের ৪২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. জাহিদ হাসান বলেন, গতকাল মঙ্গলবার সকাল সাড়ে সাতটার দিকে নাফ নদী দিয়ে নৌকায় করে মিয়ানমার থেকে টেকনাফে পাচারের সময় ৫৭ প্যাকেট পলিথিনে মোড়ানো ১১ হাজার ৩০৫টি ইয়াবা বড়িসহ তিন পাচারকারীকে আটক করা হয়। এঁরা হলেন, টেকনাফ সদর ইউনিয়নের মৌলভীপাড়ার আবদুল্লাহ (২৫), আবুল হাসিম (২৭) ও নূর হোসেন (২২)। বিকেলে তিনজনকে টেকনাফ থানা পুলিশে সোপর্দ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। এদিকে গত সোমবার রাত ১০টার দিকে র‌্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের সদস্যরা টেকনাফ উপজেলার হোয়াইক্যং বাজারে অভিযান চালিয়ে ৫০০ ইয়াবা বড়িসহ স্থানীয় আতাউর রহমানকে (২০) আটক করেন। র‌্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের সহকারী পুলিশ সুপার (এএসপি) সাজেদুর রহমান এর সত্যতা নিশ্চিত করে বলেন, হোয়াইক্যং বাজারে বিক্রির সময় ইয়াবাসহ আতাউরকে আটক করা হয়। তাঁকেও টেকনাফ থানা পুলিশে সোর্পদ করা হয়েছে। টেকনাফ মডেল থানার ওসি (তদন্ত) স্বপন কুমার মজুমদার এর সত্যতা নিশ্চিত করেন।