টেকনাফে ১২টি বসতঘর উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ উপজেলার নেটং পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ স্থানে নির্মাণ করা ১২টি বসতঘর গতকাল বৃহস্পতিবার উচ্ছেদ করা হয়েছে। গত ২ মার্চ প্রথম আলোতে এ সংক্রান্ত একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। সরেজমিনে দেখা গেছে, উপজেলা পরিষদসংলগ্ন এলাকার সদর বিটের আওতাধীন বরইতলী, নাইট্যংপাড়া, আমির আহমদের ঘোনা, বৈদ্যর ঘোনা, ব্যাটালিয়ন ঘোনা, মাঠপাড়া, জাহালিয়াপাড়া, ধুমপেরাং ঘোনা, ফকিরা মুরা ও পলান ঘোনার বিভিন্ন এলাকায় পাহাড় কেটে এসব স্থানে বসতি স্থাপনের হিড়িক পড়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন দখলদার বলেন, ‘টাকার বিনিময়ে এখানে বসতি তৈরি করেছিলাম। বন বিভাগের কর্মকর্তারা আমাদের নির্মাণ করা ঘরবাড়িগুলো ভেঙে দিলেও টাকাগুলো ফেরত পাইনি।’ টেকনাফ সদর বিট কর্মকর্তা কামরুল হাসান বলেন, নেটং পাহাড়ের কিছু কিছু স্থানে পাহাড় কেটে ঘরবাড়ি নির্মাণের খবর জানতে পেরে সাঁড়াশি অভিযান শুরু হয়েছে। প্রথম দিনে ১২টি নির্মিত বসতবাড়ি উচ্ছেদ করা হয়েছে। জেলা দক্ষিণ সহকারী বন সংরক্ষক কাজী মোহাম্মদ নুরুল করিম বলেন, উচ্ছেদ অভিযানের পর কেউ নতুন করে বসতি স্থাপনের চেষ্টা করলে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।