কক্সবাজারের টেকনাফ উপজেলার চারটি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের মধ্যে তিনটিতে ফল ঘোষণার পর সংঘর্ষের ঘটনা ঘটেছে। টেকনাফ সদরে এক পরাজিত প্রার্থীর সমর্থকেরা পুলিশের ওপর হামলা চালালে সেখানে পুলিশসহ ২০ জন আহত হয়। এ ঘটনায় পুলিশ এক হাজার ২২৯ জনকে আসামি করে মামলা করেছে। গতকাল সন্ধ্যায় অভিযান চালিয়ে পুলিশ ছয় আসামিকে গ্রেপ্তার করেছে।টেকনাফ থানার পরিদর্শক (তদন্ত) রণজিত কুমার বড়ুয়া জানান, গত শনিবার অনুুষ্ঠিত নির্বাচনে টেকনাফ সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্যপদে সুলতান আহমদ নামের এক প্রার্থী পরাজিত হন। কেন্দ্রে ফল ঘোষণার পর রাত ১০টার দিকে কর্মকর্তারা ব্যালট বাক্স উপজেলা নির্বাচন অফিসে নিয়ে যাওয়ার সময় টেকনাফ-শাহপরীর দ্বীপ সড়কের ওপর সুলতান আহমদের লোকজন বাধা দেয়। খবর পেয়ে সহকারী পুলিশ সুপার (উখিয়া সার্কেল) ছত্রধর ত্রিপুরা ২০-২৫ জন পুলিশ নিয়ে ঘটনাস্থলে যান। সেখানে সুলতানের সমর্থকেরা পুলিশকে লক্ষ্য করে ছয়-সাতটি গুলি ছোড়ে। এ ছাড়া তারা ইট-পাটকেল নিক্ষেপ করে।এ সময় পুলিশ তাদের হটাতে ২০-২৫ রাউন্ড ফাঁকা গুলি করে। এ ঘটনায় ছত্রধর ত্রিপুরা, টেকনাফ থানার উপপরিদর্শক ফয়েজুর রহমান, পুলিশ সদস্য মো. আওয়াল, মো. হেলাল, জাহাঙ্গীর আলম, সাজু দাশ, মোস্তাফিজুর রহমান, ওসমান আলী, সজল বড়ুয়া, নুরুল ইসলাম ও জেসি দাশসহ ১১ জন পুলিশ আহত হন। পুলিশের লাঠিপেটায় আহত হন ১০ জন। এ ঘটনায় পুলিশ সুলতান আহমদকে প্রধান আসামি করে ২৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা এক হাজার ২০০ জনকে আসামি করে মামলা করে। টেকনাফ সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে বড় হাবিবপাড়া কেন্দ্রে দায়িত্বপালনকারী কর্মকর্তা স্বপন কুমার দাশ বলেন, ওই কেন্দ্রে শান্তিপূর্ণভাবে নির্বাচন শেষ হলেও ফল ঘোষণার পর পরাজিত প্রার্থীর সমর্থকেরা বিশৃঙ্খলা সৃষ্টি করেন।রাত ১০টার দিকে সেন্ট মার্টিন ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বিজয়ী প্রার্থী আবদুল হক ও পরাজিত প্রার্থী নজরুল ইসলামের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় আবদুল হকের সমর্থকদের হামলায় আজগর আলী (২৮), আবদুর রহমান (৪৫) ও মো হারুনসহ (২৬) আরও পাঁচ-ছয়জন আহত হয়েছেন।সেন্ট মার্টিন পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. জসিম উদ্দিন বলেন, গতকাল বিকেল পাঁচটা পর্যন্ত এ ঘটনায় কেউ থানায় অভিযোগ করেনি।একই দিন বাহারছড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পুরানপাড়া মাদ্রাসা কেন্দ্রে ইউপি সদস্যদের ফল ঘোষণাকে কেন্দ্র করে মোকতার আমিন এবং আজিজুল হক ওরফে আয়াছ কোম্পানির সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে টেকনাফ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রণজিত কুমার বড়ুয়া ও বাহারছড়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ বিল্লাল হোসেনের নেতৃত্বে একদল পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আয়াত উল্লাহ বলেন, পুলিশসহ ২০-২৫ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। তবে সেন্ট মার্টিনের ঘটনায় আহত আজগর আলী, আবদুর রহমান ও মো. হারুন ভর্তি রয়েছেন।