মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী নাসাকার সদস্যরা বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় ঢুকে বাংলাদেশি ১৫ জেলেকে সাগরে নিক্ষেপ করে দুটি ট্রলারসহ জাল ও মাছ লুট করে নিয়ে গেছে। গতকাল সোমবার বেলা তিনটার দিকে এ ঘটনা ঘটে বলে ক্ষতিগ্রস্ত ট্রলারের মালিকেরা জানিয়েছেন।ট্রলারের মালিক টেকনাফের সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. ইসমাইল ও শাহ পরীর দ্বীপের দক্ষিণপাড়ার মোহাম্মদ সেলিম জানান, তাঁদের দুটি ট্রলারের ১৫ জন জেলে গতকাল বেলা তিনটার দিকে সেন্ট মার্টিন চ্যানেলে বাংলাদেশের জলসীমার ছেঁড়াদিয়ার দক্ষিণ-পশ্চিম মৌলভীরশীলে ইলিশ মাছ ধরছিলেন। ওই সময় নাসাকার সদস্যরা দুটি ট্রলারের জেলেদের লক্ষ্য করে গুলি ছোড়ে এবং তাঁদের ধাওয়া শেষে আটক করে। পরে তারা ১৫ জেলেকে সাগরে নিক্ষেপ করে মাছ, জালসহ ট্রলার দুটি লুটে নিয়ে যায়। কিছুক্ষণ পর সেন্ট মার্টিন দ্বীপের মোহাম্মদ সিরাজের অপর একটি ট্রলার ওই ১৫ জেলেকে সাগর থেকে উদ্ধার করে।