টেকনাফে ১৫ মামলার আসামির গুলিবিদ্ধ লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ থেকে ইয়াবা, অস্ত্র, নারী নির্যাতনসহ ১৫ মামলার এক আসামির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার সকালে উপজেলার স্থলবন্দর এলাকার একটি পাহাড়ি জঙ্গল থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। তাঁর নাম সুলতান আহমদ ওরফে চামড়া বাদশা (৪৮)।
পুলিশের ভাষ্য, ঘটনাস্থল থেকে একটি এলজি ও দুই হাজার ইয়াবা বড়ি পাওয়া গেছে। ইয়াবা ব্যবসা নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের মধ্যে ‘বন্দুকযুদ্ধে’ এই হত্যাকাণ্ড ঘটেছে। এর কারণ হিসেবে পুলিশ বলছে, লাশের পাশে ১০টি ছোট প্যাকেটে ওই ইয়াবা বড়িগুলো ছিল।
নিহত ব্যক্তির বাড়ি উপজেলার হ্নীলা ইউনিয়নের মৌলভীবাজার এলাকায়। হ্নীলা ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য ফরিদ আহমদ বলেন, লাশ উদ্ধারের পর গতকাল বেলা ১১টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিহত ব্যক্তির ছবি দেখে পরিচয় শনাক্ত করেন তাঁরা। গত বছরের জুন মাসে পুলিশ সুলতানকে গ্রেপ্তার করে। নভেম্বর মাসের শেষের দিকে তিনি জামিনে মুক্ত হয়ে এলাকায় আসেন। লাশ আনতে পরিবারের লোকজন কক্সবাজার সদর হাসপাতালে গেছেন।
সুলতানের বড় মেয়ে মুন্নি আক্তারের স্বামী মোহাম্মদ আলী গতকাল বিকেলে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, লাশ নিতে তাঁরা কক্সবাজার সদর হাসপাতালে রয়েছেন। তাঁর শ্বশুরের সঙ্গে জমি নিয়ে স্থানীয় কয়েকজনের বিরোধ রয়েছে। তারা এ ঘটনায় জড়িত থাকতে পারে বলে তিনি মনে করেন।
জঙ্গল থেকে লাশ উদ্ধারের কাজে যুক্ত থাকা টেকনাফ থানার উপপরিদর্শক (এসআই) কাঞ্চন কান্তি দাশ বলেন, নিহত ব্যক্তির পেট, পিঠ, ঘাড়সহ শরীরের বিভিন্ন অংশে পাঁচটি গুলির চিহ্ন পাওয়া গেছে। এ ঘটনায় একটি মামলা করা হয়েছে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত হওয়ায় ময়নাতদন্ত শেষে তাঁর পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।
স্থলবন্দর এলাকার কয়েকজন দোকানদার নাম না প্রকাশের শর্তে বলেন, স্থলবন্দরের পাশের সাইরং খাল দিয়ে প্রায়ই ইয়াবা পাচারের ঘটনা ঘটে। গত কয়েক বছরে বিজিবি ও কোস্টগার্ডের সদস্যরা এখান থেকে ইয়াবার বড় কয়েকটি চালানও জব্দ করেছিলেন। গতকাল ভোররাতে হঠাৎ গুলির শব্দ শুনে তাঁরা আতঙ্কিত হয়ে পড়েন। প্রায় আধা ঘণ্টা পরে পুলিশের একটি দল ঘটনাস্থলের দিকে যায়। পরে সকালে ওই এলাকা থেকে এক ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে।
এ বিষয়ে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মজিদ প্রথম আলোকে বলেন, গতকাল ভোর চারটার দিকে ওই এলাকায় গোলাগুলির খবর পান তাঁরা। পরে এসআই কাঞ্চন কান্তি দাশের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশ সেখানে যাওয়ার পর কাউকে পায়নি। জঙ্গলের মধ্যে এক ব্যক্তির গুলিবিদ্ধ লাশ পড়ে থাকতে দেখা যায়।
ওসি বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী সুলতান। তাঁর বিরুদ্ধে টেকনাফ থানার ১৫টি মামলার মধ্যে নয়টিই মাদকের মামলা।