টেকনাফে ১৯ গ্রাম চার দিন ধরে প্লাবিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামান্য বৃষ্টি ও পূর্ণিমার জোয়ারের পানি অস্বাভাবিক হারে বৃদ্ধি পাওয়ায় কক্সবাজারের টেকনাফ উপজেলার পৌরসভা, সদর ও সাবরাং ইউনিয়নের নাফ নদের তীরবর্তী ১৯টি গ্রাম প্লাবিত হচ্ছে। নতুন করে কয়েকটি স্থানে ভাঙনও দেখা দিয়েছে। ডুবে গেছে এক হাজারের বেশি ঘরবাড়ি ও জমির ফসল।গত শুক্রবার সকাল নয়টা থেকে বেলা ১১টা পর্যন্ত বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, ১৯ গ্রামের প্রায় ৫০০ একর আবাদি জমির পাকা ধান, পানবরজ ও মরিচখেত ডুবে গেছে। এক হাজারের বেশি ঘরবাড়িতে হাঁটুপানি। অধিকাংশ পরিবারের লোকজন বাঁধের বিভিন্ন স্থানে আশ্রয় নিয়েছেন। চার দিন ধরে এমন অবস্থা চলছে বলে জানা গেছে।মধ্যম জালিয়াপাড়ার বাসিন্দা আমির ও সাইডপাড়ার বাসিন্দা আবদুল নবী বলেন, জোয়ারের পানিতে ঘরে থাকা যাচ্ছে না। তাই পরিবার-পরিজন নিয়ে বাঁধে আশ্রয় নিয়েছি। প্রতি মাসেই এমন ঘটনা ঘটছে। পূর্ণিমা ও অমাবস্যার সময় ১০-১২ দিন বাড়িতে থাকা যাচ্ছে না। বাঁধে এসে আশ্রয় নিতে হয়। ২০০৭ সালে ভেঙে যাওয়া বেড়িবাঁধটি এখনো মেরামত না হওয়ায় তাঁদের এই দুর্দশা। পানি উন্নয়ন বোর্ড (পাউবো) টেকনাফ অঞ্চলের উপসহকারী প্রকৌশলী আবু তালহা জানান, টেকনাফ রক্ষা বাঁধের ৭০-৮০ ফুট অংশ ভাঙনের ফলে এ সমস্যা হচ্ছে। বাঁধের ওই অংশটি মেরামতে জন্য বরাদ্দ পাওয়া গেছে। শিগগির কাজ শুরু হবে।কক্সবাজারের আবহাওয়া কার্যালয়ের সহকারী আবহাওয়াবিদ মো. শহিদুল ইসলাম বলেন, পূর্ণিমার জোয়ারের সঙ্গে বৃষ্টির পানি মিশে তা স্বাভাবিকের চেয়ে দুই-তিন ফুট বেড়ে গেছে। এই পানি আরও দুই-তিন দিন থাকতে পারে।