টেকনাফে ২০ হাজার ইয়াবা বড়িসহ তিনজন আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফের দুটি পৃথক স্থানে গতকাল শনিবার অভিযান চালিয়ে ২০ হাজার ৫৯৪টি নিষিদ্ধ ইয়াবা বড়িসহ তিন পাচারকারীকে আটক করেছে বিডিআর।বিডিআর ও এলাকাবাসী সূত্র জানায়, বিকেল পাঁচটায় উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ মিস্ত্রীপাড়ায় অভিযান চালিয়ে ১৯ হাজার ৮০০টি ইয়াবা বড়িসহ নবী হোসেন (২৪) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। তাঁর বাড়ি সাবরাং ইউনিয়নের আছারবনিয়া গ্রামে। অভিযানে নেতৃত্বদানকারী শাহপরীর দ্বীপ বিডিআর ফাঁড়ির কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার বজলুল রহমান বলেন, মিয়ানমার থেকে পাচার হয়ে আসা ইয়াবার চালান নিয়ে টেকনাফ যাওয়ার সময় নবী হোসেনকে আটক করা হয়। এদিকে গতকাল বিকেল চারটায় বিডিআরের সদস্যরা টেকনাফ পৌরসভার বাসস্টেশনে অভিযান চালিয়ে ৭৯৪টি ইয়াবা বড়িসহ জহির আহমদ (৩২) ও আবদুর রহিম (৪৫) নামের দুই ব্যক্তিকে আটক করেন। তাঁদের বাড়ি মিয়ানমারের মংডু শহরের সুদাপাড়া গ্রামে। গতকাল সকালে তাঁরা সীমান্ত অতিক্রম করে টেকনাফ আসেন এবং বাসযোগে ঢাকা যাওয়ার সময় তাঁদের আটক করা হয়। গতকাল সন্ধ্যায় আটক তিন ব্যক্তিকে টেকনাফ থানায় সোপর্দ করে পৃথক তিনটি (দুটি মাদক, একটি অনুপ্রবেশ) মামলা করা হয়েছে।টেকনাফ ৪২ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোজান্মেল হোসেন ইয়াবাসহ তিন পাচারকারীকে আটকের সত্যতা নিশ্চিত করেছেন।