টেকনাফে ২২ হাজার ইয়াবা বড়ি উদ্ধার, ১২ রোহিঙ্গা আটক
কক্সবাজারের টেকনাফ উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) জওয়ানেরা পৃথক অভিযান চালিয়ে ২২ হাজার ইয়াবা বড়ি উদ্ধার ও ১২ রোহিঙ্গাকে আটক করেছে। বিজিবি সূত্র জানায়, গতকাল মঙ্গলবার সকাল আটটা থেকে বেলা একটা পর্যন্ত দমদমিয়া, হোয়াইক্যং ও টেকনাফ সদর বিওপির বিজিবির জওয়ানেরা বিভিন্ন সীমান্ত পয়েন্ট ও যাত্রীবাহী বাসে তল্লাশি চালান। এ সময় অবৈধ অনুপ্রবেশের দায়ে মিয়ানমারের ১২ রোহিঙ্গা নাগরিককে আটক করা হয়। পরে বিকেল পাঁচটায় স্ব স্ব সীমান্ত পয়েন্ট দিয়ে তাঁদের ফেরত পাঠানো হয়। এদিকে গত সোমবার উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা এলাকার নাফ নদী দিয়ে ইয়াবা বড়ির একটি বড় চালান পাচারের কথা জানতে পারে বিজিবি। পরে ওই দিন রাত আটটার দিকে লেদা বিওপির কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার মোহামঞ্চদ হোসেনের নেতৃত্বে নাফ নদীর বেড়িবাঁধ এলাকায় অবস্থান নেন বিজিবির জওয়ানেরা। ওই এলাকায় চারজন লোককে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় বিজিবির জওয়ানেরা তাদের দাঁড়ানোর সংকেত দেওয়া হলে পাচারকারীরা ইয়াবার প্যাকেট ফেলে পালিয়ে যায়। পরে প্যাকেট উদ্ধার করে ২২ হাজার ইয়াবা বড়ি পাওয়া যায়। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেননি বিজিবির জওয়ানেরা। টেকনাফ ৪২ বিজিবির ব্যাটালিয়ানের উপ-অধিনায়ক মেজর শফিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। টেকনাফ মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) স্বপন কুমার মজুমদার বলেন, এ ঘটনায় বিজিবি বাদী হয়ে একটি মামলা করেছে। এ ছাড়া ইয়াবা বড়িগুলো থানায় জমা দেওয়া হয়েছে।