টেকনাফে ২২ হাজার চারাগাছ কেটে সাবাড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফে গতকাল রোববার ভোররাতে ২২ হাজার চারাগাছ কেটে সাবাড় করেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে উপজেলার হোয়াইক্যং বন বিভাগের জোয়ারিখোলা এলাকায়।
বন বিভাগ ও এলাকাবাসী সূত্র জানায়, গতকাল ভোরে হোয়াইক্যং ইউনিয়ন ও বন বিভাগের জোয়ারিখোলা এলাকায় সামাজিক বনায়নের আওতায় রোপণ করার জন্য মজুত রাখা বিভিন্ন প্রজাতির ২২ হাজার আমলকী, আকাশমণি, গামারি ও মেহগনি গাছের চারা কেটে নষ্ট করেছে দুর্বৃত্তরা। গাছগুলোর বয়স প্রায় এক বছর।
হোয়াইক্যং ইউপির সদস্য দিল মোহাম্মদ জানান, ঘটনাটি খুবই দুঃখজনক। চারাগাছগুলোর কী দোষ ছিল। এর সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা খুবই জরুরি।
জোয়ারিখোলা বিট কর্মকর্তা খন্দকার মনিরুল ইসলাম জানান, চলতি বছরের জানুয়ারি মাসের প্রথম দিকে ওই বিটের ৩৫ একর বনভূমি অবৈধ দখলমুক্ত করা হয়। ওই বনভূমিতে রোপণ করার জন্য এ চারাগুলো মজুত করা হয়েছিল। কিন্তু চারাগুলো রোপণ করার আগে দুর্বৃত্তরা সেগুলো নষ্ট করে ফেলেছে। ওই বনভূমি দখলের নেতৃত্বে ছিলেন স্থানীয় বাসিন্দা আবদুল মতলবসহ আরও কয়েকজন। তারই সূত্র ধরে আবদুল মতলবকে গতকাল আটক করা হয়েছে।
জানতে চাইলে হোয়াইক্যং বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মহিউদ্দিন জানান, চারাগাছগুলো কেটে সাবাড় করার ঘটনায় সহেন্দজনকভাবে স্থানীয় বাসিন্দা মৃত নাজির হোসেনের ছেলে আবদুল মতলবকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।
হোয়াইক্যং পুলিশ ফাঁড়ি উপপরিদর্শক মাশরুল হক জানান, চারাগাছ কাটার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আটক ব্যক্তিকে আদালতে পাঠানো হয়েছে।