টেকনাফে ২৩ আসামি রিমান্ডে, ১৪৪ ধারা প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ উপজেলায় বৌদ্ধ ও হিন্দুপল্লিতে অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় গ্রেপ্তার হওয়া আসামিদের মধ্যে ২৩ জনকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। এদিকে উপজেলায় জারি করা ১৪৪ ধারা গত বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা থেকে প্রত্যাহার করা হয়েছে।গত রোববার রাতে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের জুয়াড়িখোলা গ্রামে বৌদ্ধ ও হিন্দুপল্লিতে হামলার ঘটনায় এ পর্যন্ত ৩১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের বিরুদ্ধে করা হয়েছে দুটি মামলা। তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে। বৃহস্পতিবার জ্যেষ্ঠ বিচারিক হাকিম (কক্সবাজার-৩) সাইফুল ইসলাম ২৩ জনের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন।রিমান্ডে নেওয়া আসামিরা হলেন: আব্দুল্লাহ, জালাল উদ্দিন, মো. সাবের, জামাল হোসেন, আবু আহমদ, সৈয়দ আকবর, আবু বক্কর, মো. হাসান, নাজির হোসেন, সৈয়দ মিয়া, জসিম উদ্দিন, মো. ফয়সাল, আলমগীর, নুরুল আমিন, আবদুল হাকিম, আবু ছিদ্দিক, মাহবুব সিকদার, আবুল হায়াত, সৈয়দ মিয়া, সাহাব উদ্দিন, মো. সালাম, আকতার মিয়া ও ইছাহাক মিয়া। তাঁরা হোয়াইক্যং ইউনিয়নের বিভিন্ন গ্রামের বাসিন্দা।দুটি মামলার তদন্ত কর্মকর্তা ও হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) বখতিয়ার উদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, প্রথম দিন জিজ্ঞাসাবাদ করে হামলার ঘটনায় আসামিদের জড়িত থাকার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তাঁদের কাছ থেকে কিছু গুরুত্বপূর্ণ তথ্যও পাওয়া গেছে। তদন্তের স্বার্থে তা প্রকাশ করা যাচ্ছে না।এদিকে গতকাল শুক্রবার বেলা ১২টা থেকে তিনটা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, বিভিন্ন মসজিদ, বৌদ্ধ ও হিন্দু মন্দির এলাকায় পুলিশ ও বিজিবির জওয়ানরা সতর্ক অবস্থায় রয়েছেন।টেকনাফের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সামসুল ইসলাম প্রথম আলোকে বলেন, জুমার নামাজের পর মুসল্লিরা যাতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটাতে না পারেন, সে জন্য পুলিশ ও বিজিবিকে সতর্ক অবস্থায় রাখা হয়।ইউএনও বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় টেকনাফে বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা থেকে ১৪৪ ধারা প্রত্যাহার করা হয়েছে।বিজিবির ৪২ টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জাহিদ হাসান প্রথম আলোকে বলেন, অপ্রীতিকর ঘটনা এড়াতে টেকনাফের বিভিন্ন মসজিদ, মন্দির ও বৌদ্ধবিহারের পাশাপাশি সংশ্লিষ্ট এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। আসন্ন দুর্গাপূজা ও প্রবারণা পূজা উপলক্ষে নিরাপত্তা জোরদার করা হবে।