টেকনাফে ২৯ হাজার ইয়াবাসহ আটক ১
কক্সবাজারের টেকনাফে গত বৃহস্পতিবার রাত আনুমানিক ১০টার দিকে পুলিশ ও বিজিবি পৃথক অভিয়ান চালিয়ে ২৯ হাজার ইয়াবাসহ একজনকে আটক করেছে। এ সময় নম্বরবিহীন দুটি মোটরসাইকেল ও একটি নৌকা জব্দ করা হয়।
পুলিশ সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোক্তার হোসেনের নেতৃত্বে উপজেলার সদর ইউনিয়নের মৌলভীপাড়া বাসিন্দা জাফর আলমের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় বাড়ি থেকে চার হাজার ৯০০ পিস ইয়াবাসহ তাঁর স্ত্রী রশিদা বেগমকে (৪০) আটক এবং নম্বরবিহীন দুটি মোটরসাইকেল জব্দ করা হয়। জব্দ করা ইয়াবা ও মোটরসাইকেলের আনুমানিক মূল্য ১৪ লাখ ৭০ হাজার টাকা।
উদ্ধার করা ইয়াবার মালিক একই এলাকার নুরুল হকের ছেলে আবদুল গফুরের বলে আটক রশিদা বেগম প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশকে জানিয়েছে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোক্তার হোসেন বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ীদের আটক করতে পুলিশ মাঠে নেমেছে। এ ঘটনায় বাড়ির মালিক আবদুল গফুরকে প্রধান আসামি করে পাঁচজনের বিরুদ্ধে একটি মামলা রুজু করা হয়েছে।
একই দিন মিয়ানমার থেকে ইয়াবার একটি চালান বাংলাদেশে আসার খবর ছিল। তারই সূত্র ধরে, ৪২ বর্ডার গার্ড বাংলাদেশ টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আবুজার আল জাহিদের নেতৃত্ব বিজিবির জওয়ানেরা নাফ নদীর বেড়িবাঁধে সাড়ে তিন নম্বর স্লুইসগেট এলাকায় অবস্থান নেন। বৃহস্পতিবার রাত দশটার দিকে একটি নৌকা বেড়িবাঁধে ভিড়লে তাদের সংকেত দিলে কয়েকজন নদীতে ঝাঁপ দিয়ে পার্শ্ববর্তী প্যারাবনে দিকে পালিয়ে যায়। পরে নৌকাটি তল্লাশি করলে জালে মোড়ানো একটি ব্যাগ থেকে ২৪ হাজার ইয়াবা পাওয়া যায়। নৌকাটি জব্দ করা হয়। উদ্ধার করা ইয়াবা ও নৌকার আনুমানিক মূল্যে প্রায় ৮০ লাখ টাকা।