টেকনাফে ৪৫০০ কেজি ফরমালিনযুক্ত আম ধ্বংস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের টেকনাফ পৌর এলাকায় গতকাল বুধবার ফরমালিন মেশানো চার হাজার ৫০০ কেজি আম নষ্ট করে ফেলা হয়েছে। এ সময় ফরমালিনযুক্ত আম রাখার দায়ে পাঁচ ব্যবসায়ীর কাছ থেকে ২৫ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, গতকাল বিকেলে টেকনাফ বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ব্যবসায়ী সিরাজুল ইসলাম, সাব্বির আহমদ, আবুল হাশিম, আমির আহমদ ও ইমাম হোসেনের কাছ থেকে ৩০০টি কার্টনে ভরা ফরমালিনযুক্ত চার হাজার ৫০০ কেজি আম জব্দ করেন ভ্রাম্যমাণ আদালত।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ মোজাহিদ উদ্দিন অভিযানে নেতৃত্ব দেন। তিনি জানান, জব্দ করা আমগুলোতে ফরমালিনের মাত্রা ছিল ৭ দশমিক শূন্য ৮ পিপিএম; যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। পরে জব্দ করা আম বুলডোজার দিয়ে পিষে নষ্ট করা হয়।