টেকনাফে ৫০ হাজার লোক পানিবন্দী
কক্সবাজারের টেকনাফ উপজেলার নিম্নাঞ্চল অমাবস্যার জোয়ারে প্লাবিত হয়েছে। এতে করে সংশ্লিষ্ট এলাকার ২৭ গ্রামের অর্ধলক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছে।সরেজমিনে গতকাল সোমবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কয়েকটি গ্রাম ঘুরে দেখা গেছে, জলাবদ্ধতার কারণে লোকজন অসহনীয় দুর্ভোগের মধ্যে জীবন যাপন করছে। পৌরসভার দক্ষিণ জালিয়া গ্রামের দিনমজুর ফরিদ আলম ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘ঘরের ভেতর হাঁটুসমান জোয়ারের পানি। স্ত্রী ও ছেলেমেয়েদের নিয়ে ঘরের ভেতর মাচা বেঁধে বসবাস করছি।’ উত্তর জালিয়াপাড়া গ্রামের মদিনা আকতার বলেন, দিনের বেলায় জোয়ার হলে কোনোমতে সামলানো যায়। কিন্তু রাতে পরিবার নিয়ে অন্যত্র আশ্রয় নিতে হয়। যা খুবই কষ্টকর। সাইডপাড়ার বাসিন্দা জেলে রশিদ উল্লাহ বলেন, দীর্ঘ প্রায় পাঁচ বছর ধরে জোয়ারের ধাক্কা সামলে অতি কষ্টে দিন কাটাচ্ছি। বেড়িবাঁধ নির্মাণ করে জোয়ার ঠেকানোর কোনো ব্যবস্থা কি সরকার নেবে না? পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্র জানায়, জোয়ারের পানিতে উপজেলার অধিকাংশ গ্রামের অর্ধলক্ষাধিক মানুষের ঘরবাড়ি জলমগ্ন হয়ে পড়েছে। বাঁধের ভাঙা অংশের পাশাপাশি পৌরসভার সাইডপাড়া, উত্তর জালিয়াপাড়া, দক্ষিণ জালিয়াপাড়া, মধ্যম জালিয়াপাড়া, খাংকার ডেইল, চৌধুরীপাড়া, শীলবনিয়াপাড়া, কায়ুকখালিয়াপাড়া, নাইট্যংপাড়া, সাবরাং ইউনিয়নের নয়াপাড়া, চৌধুরীপাড়া, মগপাড়া, পানছড়িপাড়া, ঝিনাপাড়া, আছারবনিয়া, ওয়াব প্রিয়া, লেজিরপাড়া, শাহপরীর দ্বীপের জালিয়াপাড়া, ক্যাম্পপাড়া, মাঝারপাড়া, দক্ষিণপাড়া, ঘোলাপাড়া, মিস্ত্রিপাড়া, সদর ইউনিয়নের নাজিরপাড়া, মৌলভীপাড়া, কেরুনতলী, বরইতলীসহ বেশ কয়েকটি স্থানে নতুন করে বেড়িবাঁধে ভাঙন দেখা দিয়েছে। বাঁধের ভাঙা অংশ দিয়ে জোয়ারের পানি প্রবেশ করে প্রতিদিন বেড়িবাঁধসংলগ্ন গ্রামগুলো প্লাবিত হচ্ছে। এতে করে এসব এলাকায় অসংখ্য ঘরবাড়ি, রাস্তাঘাট, ফসলি জমি, আমন ধানের বীজতলা ও চিংড়িঘের পানিতে ডুবে গেছে।টেকনাফে মৌলভীপাড়ার চাষি সোলতান আহমদ বলেন, ‘বর্ষা মৌসুমে আমন ধানের চাষ করতে প্রায় চার একর জমি বর্গা নিয়েছিলাম। কিন্তু সে জমিতে এখন জোয়ার ভাটায় পরিণত হয়েছে। জমিতে চাষ করতে না পারলে বর্গার টাকা শোধ করব কীভাবে এখন সে চিন্তায় রয়েছি।’সাবরাং ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আলহাজ হামিদুর রহমান বলেন, বিভিন্ন স্থানের বেড়িবাঁধের ভাঙন এলাকা দিয়ে জোয়ারের পানি প্রবেশ করে শাহপরীর দ্বীপের অধিকাংশ এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে। টেকনাফ পৌরসভার মেয়র হাজি মো. ইসলাম বলেন, ‘সংশ্লিষ্ট এলাকাকে দুর্যোগকবলিত এলাকা ঘোষণার দাবি করছি এবং প্রধানমন্ত্রী ও সরকারের উচ্চপর্যায়ে মন্ত্রীদের এলাকা পরিদর্শন করে প্লাবিত এলাকার মানুষ কী রকম কষ্টে আছেন, সেটা নিজ চোখে দেখার অনুরোধ জানাচ্ছি।’ পাউবো টেকনাফ অঞ্চলের উপপ্রকৌশলী আবু তালহা বলেন, জোয়ারের পানিতে টেকনাফ উপকূলের বেড়িবাঁধে নতুন নতুন ভাঙন সৃষ্টি হওয়ায় নাফ নদী ও বঙ্গোপসাগরসংলগ্ন এলাকাগুলো প্লাবিত হচ্ছে।টেকনাফ উপজেলা পরিষদের চেয়ারম্যান শফিক মিয়া বলেন, উপজেলায় অমাবস্যার জোয়ারের পানিতে টেকনাফে আবারও ২৭ গ্রাম প্লাবিত হয়েছে। এতে অর্ধলক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছে।