টেকনাফে ৫৮ রোহিঙ্গা আটক
টেকনাফ থেকে সড়কপথে কক্সবাজার-চট্টগ্রাম-ঢাকা যাওয়ার সময় গতকাল সোমবার ৫৮ রোহিঙ্গাকে আটক করেছেন বিডিআর সদস্যরা। আটকের পর বিকেলেই তাঁদের টেকনাফ থানায় সোপর্দ করে অনুপ্রবেশের অভিযোগে একটি মামলা করা হয়।বিডিআর সূত্র জানায়, আটক রোহিঙ্গারা গত কয়েক দিনে নাফ নদী অতিক্রম করে টেকনাফ আসেন। গতকাল সকাল সাতটা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিভিন্ন বাসে চড়ে টেকনাফ ত্যাগের সময় দমদমিয়া বিডিআর তল্লাশি চৌকির জওয়ানেরা তাঁদের আটক করেন। রোহিঙ্গা নাগরিকদের সবাই পুরুষ। আটক মিয়ানমারের নাগরিক নূরুল কবির (২৩) ও শামসুল আলম (২৬) জানান, অভাবের কারণে তাঁরা মিয়ানমার থেকে বাংলাদেশে অনুপ্রবেশ করেন। গতকাল সকালে কাজের উদ্দেশ্যে অন্যদের সঙ্গে সড়কপথে চট্টগ্রাম যাওয়ার সময় বিডিআরের হাতে ধরা পড়েন। মোক্তার আহমদ ও আবু তাহের জানান, বহু রোহিঙ্গা চট্টগ্রাম ও ঢাকার বিভিন্ন আবাসিক হোটেল, রেস্তোরাঁ ও ট্রাভেল এজেন্সিতে চাকরি করেন। চাকরির আশায় তাঁরা যাচ্ছিলেন ঢাকায়। টেকনাফ ৪২ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোজাম্মেল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।