টেকনাফে ৬০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ উপজেলা থেকে বিপুল পরিমাণ ইয়াবা বড়ি উদ্ধার করেছেন কোস্টগার্ডের সদস্যরা। এই বড়ির পরিমাণ সংখ্যায় প্রায় ৬০ হাজার হতে পারে বলে কোস্টগার্ড জানিয়েছে।

গতকাল রোববার রাত দুইটার দিকে ইয়াবা বড়িগুলো উদ্ধার করা হয়। এই বড়ির আনুমানিক মূল্য তিন কোটি টাকা হতে পারে বলে কোস্টগার্ড দাবি করেছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

কোস্টগার্ড টেকনাফ স্টেশনের লেফটেন্যান্ট কমান্ডার কাজী হারুন অর রশিদ প্রথম আলো ডটকমকে জানান, কোস্টগার্ডের কাছে খবর ছিল, মিয়ানমার থেকে ইয়াবার বড় একটি চালান বাংলাদেশে আনা হচ্ছে। এ কারণে গতকাল রাতে টেকনাফ স্থলবন্দরসংলগ্ন কেরুনতলি খাল এলাকায় কোস্টগার্ডের টহল জোরদার করা হয়। এ সময় নাফ নদ থেকে আসা মাছভর্তি কয়েকটি নৌকায় তল্লাশি চালানো হয়। ধারণা করা হচ্ছে, তল্লাশি চালানোর সময় নৌকাগুলো থেকে ইয়াবাভর্তি প্লাস্টিকের ব্যাগ কেউ পানিতে ফেলে দেয়। কোস্টগার্ডের সদস্যরা পানি থেকে ইয়াবা বড়ি উদ্ধার করে।