টেকনাফে ৯ হাজার লিটার ডিজেলসহ লরি জব্দ
কক্সবাজারের টেকনাফে গত সোমবার রাতে নয় হাজার লিটার ডিজেলসহ একটি লরি জব্দ করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হ্নীলা ইউনিয়নের দমদমিয়া কেয়ারী সিন্দাবাদের ঘাট থেকে তেল খালাসের সময় লরিটি জব্দ করেন।লরির চালক বৈধ কোনো কাগজপত্র দেখাতে ব্যর্থ হলে ইউএনও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের তেলসহ গাড়িটি জব্দের নির্দেশ দেন। ডিজেলভর্তি লরিটি বিজিবির হেফাজতে রয়েছে।ইউএনও আ ন ম নাজিম উদ্দিন জানান, জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা শেষে টেকনাফ ফেরার পথে তিনি দমদমিয়া কেয়ারী ঘাটে লরি থেকে তেল খালাসের দৃশ্যটি দেখতে পান। সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে মিয়ানমারে তেল পাচার হয়। তাই সন্ধ্যার পর থেকে টেকনাফে তেল পরিবহন নিষিদ্ধ। সংশ্লিষ্ট ব্যক্তিরা সেই নিষেধাজ্ঞা অমান্য করে তেল খালাস করছিলেন। এমনকি তাঁদের বৈধ কাগজপত্র দেখাতে বললে তাঁরা দেখাতে পারেননি।কেয়ারী সিন্দাবাদের টেকনাফের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা শাহ আলম জানান, তাঁরা বৈধভাবে এসব ডিজেল এনে নিজেদের ডিপোতে জমা রাখেন। প্রয়োজনমতো তা জাহাজে ব্যবহার করেন। তাঁদের বৈধ কাগজপত্র রয়েছে বলে দাবি করেন তিনি।টেকনাফ জ্বালানি পরিবেশক সমিতির সাধারণ সম্পাদক দিদার হোসেন বলেন, উপজেলায় ১৭টি বৈধ তেল পরিবেশক প্রতিষ্ঠান নিয়মিত চাহিদা পূরণ করে আসছে। কোনো কাগজপত্র ছাড়াই এ লরিটি টেকনাফ-কক্সবাজার সড়কে বিজিবির তিনটি চেকপোস্ট অতিক্রম করে কীভাবে টেকনাফ এসেছে, সেটাই এখন দেখার বিষয়। ৪২ বর্ডার গার্ড বাংলাদেশ টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জাহিদ হাসান প্রথম আলোকে বলেন, লরিটির বৈধ কোনো কাগজপত্র আছে কি না পর্যালোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।