টেকনাফে 'বন্দুকযুদ্ধে' নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ উপজেলায় গতকাল রোববার ভোরে বিজিবি ও র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ স্থানীয় স্বেচ্ছাসেবক লীগের নেতাসহ দুই ব্যক্তি নিহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়েছেন র‌্যাব ও বিজিবির চারজন সদস্য। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দাবি, নিহত ব্যক্তিরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী। তবে পরিবারের দাবি, তাঁরা ইয়াবা ব্যবসায়ী নন, তাঁদের হত্যা করা হয়েছে।
নিহত ব্যক্তিরা হলেন টেকনাফ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পৌরসভার কায়ুকখালীপাড়ার বাসিন্দা জাহেদ হোসেন (৪৭) ও নাইট্যংপাড়ার ফরিদুল আলম (৪৫)।
র‌্যাব, পুলিশ ও বিজিবি সূত্র জানায়, এর আগে ২৫ এপ্রিল ভোরে টেকনাফ সমুদ্র উপকূলে কোস্টগার্ডের সঙ্গে চোরাকারবারিদের ‘বন্দুকযুদ্ধে’ তিনজন ‘ইয়াবা ব্যবসায়ী’ নিহত হন। গত ২০ মার্চ টেকনাফের নাফ নদীর জালিয়ারদিয়ায় র‌্যাব-বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন ইয়াবা ব্যবসায়ী নুর মোহামঞ্চদ। ২৩ এপ্রিল টেকনাফ উপজেলার লেদা গ্রামে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে সৈয়দ নূর (২৮) গুলিবিদ্ধ হন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গতকাল কথিত ওই বন্দুকযুদ্ধে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) কনস্টেবল বোরহান উদ্দিন, মোস্তাফিজুর রহমান ও সহকারী উপপরিদর্শক (এএসআই) আবদুর রহমান এবং বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) হাবিলদার আবদুল মজিদ মিয়া গুলিবিদ্ধ হয়েছেন। তাঁরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এ ছাড়া, ঘটনাস্থল থেকে তিনটি অবৈধ অস্ত্র, ১২টি কার্তুজসহ প্রায় দেড় হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।
এ ঘটনায় গতকাল বেলা সাড়ে ১১টার দিকে টেকনাফ বিজিবির ৪২ ব্যাটালিয়নের সম্মেলনকক্ষে প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়। এতে টেকনাফ ৪২ ব্যাটালিয়নের অপারেশন কর্মকর্তা মেজর নাজমুস সাদাদের স্বাক্ষরিত একটি বিবৃতি পাঠ করা হয়।
বিবৃতিতে বলা হয়, একদল সন্ত্রাসী কক্সবাজার থেকে মাইক্রোবাসে অস্ত্র ও ইয়াবা নিয়ে টেকনাফ আসছে—এমন খবরের ভিত্তিতে গত শনিবার দিবাগত রাত দুইটার দিকে বিজিবির আটজন ও র‌্যাবের ১৬ জন সদস্য কক্সবাজার-টেকনাফ সড়কের দমদমিয়ায় (নেচার পার্কের সামনে) একটি অস্থায়ী যৌথ তল্লাশিচৌকি বসান। রাত সোয়া চারটার দিকে একটি মাইক্রোবাস ওই তল্লাশিচৌকির সামনে আসে। এ সময় থামানোর সংকেত দিলে মাইক্রোবাসটি না থামিয়ে উল্টো দিকে ঘুরিয়ে পালানোর চেষ্টা করে। মাইক্রোবাস থেকে বিজিবি ও র‌্যাব সদস্যদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলিবর্ষণ করা হয়। বিজিবি ২৩টি ও র‌্যাব ৭০টি গুলি করে। বন্দুকযুদ্ধ শেষে মাইক্রোবাসের ভেতরে চালকের আসনে একজন (জাহেদ) ও পাশের আসনে আরেকজনকে (ফরিদুল) গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। এর আগে মাইক্রোবাস থেকে চার থেকে পাঁচজন সন্ত্রাসী পালিয়ে যেতে সক্ষম হয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক জাহেদ ও ফরিদুলকে মৃত বলে ঘোষণা করেন।
প্রেস ব্রিফিংয়ে ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবুজার আল জাহিদ গণমাধ্যমকর্মীদের জানান, নিহত দুই ব্যক্তিই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী।
বিজিবির অধিনায়ক আবুজার প্রথম আলোকে বলেন, গত ২২ মার্চ রাতে কক্সবাজার-টেকনাফ সড়কের দমদমিয়া বিজিবির তল্লাশিচৌকিতে জাহেদ এবং হত্যা ও অস্ত্র মামলার পলাতক আসামি এরশাদকে আটক করা হয়। জাহেদ সম্প্রতি জামিনে মুক্ত হয়ে আবারও চোরাচালানে জড়িয়ে পড়েন।
নিহত জাহেদের বড় ছেলে মো. রাফসান বলেন, ‘আমার বাবা ইয়াবা ব্যবসায় জড়িত ছিলেন না। তিনি মিয়ানমার থেকে আমদানি করা কাঠ ও বিভিন্ন পণ্যের ব্যবসা করতেন। বাবা শনিবার সকালে বাসা থেকে বেরিয়ে যান। বিকেলে তাঁর মুঠোফোনে মায়ের সর্বশেষ কথা হয়। এরপর রাত ১০টার দিকে বাবার মুঠোফোন বন্ধ পাওয়া যায়। সকালে তাঁর নিহত হওয়ার খবর পাই। রাজনৈতিক কারণে আমার বাবাকে হত্যা করা হয়েছে।’
নিহত ফরিদুলের স্ত্রী মরিয়ম খাতুনের দাবি, তাঁর স্বামী মাছ ব্যবসায়ী ছিলেন। তিনি ইয়াবা ব্যবসায় জড়িত ছিলেন না। মরিয়ম আরও বলেন, ‘গত শনিবার সন্ধ্যায় স্থানীয় সাংসদ আবদুর রহমান বদির সঙ্গে জরুরি কথা বলার নাম করে জাহেদ আমার স্বামীকে ডেকে নিয়ে যান। এখন তো দুজনই লাশ হয়েছেন।’
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রণজিত কুমার বড়ুয়া জানান, নিহত দুই ব্যক্তির লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ‘বন্দুকযুদ্ধের’ ঘটনায় বিজিবি বাদী হয়ে তিনটি (হত্যা, অস্ত্র ও মাদক) মামলা করেছে।