টেকনাফে 'বন্দুকযুদ্ধে' বিজিবিসহ আহত ৫
কক্সবাজারের টেকনাফ সদর ইউনিয়নের মৌলভীপাড়ায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে চোরাচালানিদের ‘বন্দুকযুদ্ধ’ হয়েছে। এতে বিজিবির চার সদস্য আহত হয়েছেন। গুলিবিদ্ধ অবস্থায় সন্দেহভাজন এক চোরাকারবারি আটক হয়েছেন। পরে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। তাঁর কাছ থেকে প্রায় ৫০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।
বিজিবির ভাষ্য, মিয়ানমার থেকে ইয়াবার চালান আসার খবর পায় বিজিবি। ৪২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আবু জার আল জাহিদের নেতৃত্বে একটি দল রাত সাড়ে আটটার দিকে উপকূলের মৌলভীপাড়া গ্রামের বেড়িবাঁধ-সংলগ্ন স্থানে অবস্থান নেয়। রাত নয়টার দিকে পাঁচ-ছয়জন সন্দেহভাজন চোরাকারবারি একটি নৌকা থেকে নেমে আড়াই নম্বর স্লুইসগেটের বেড়িবাঁধে উঠে আসেন। তাঁরা পার্শ্ববর্তী মাঠের দিকে এগিয়ে যান। এ সময় তাঁদের থামতে বলে বিজিবি। তাঁরা বিজিবিকে লক্ষ্য করে গুলি ছোড়েন। বিজিবিও পাল্টা গুলি ছোড়ে। দুই পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধে বিজিবির চার সদস্য আহত হন। বন্দুকযুদ্ধে চোরাকারবারি দলের এক সদস্য গুলিবিদ্ধ হন।
বিজিবির আহত সদস্যরা হলেন খোরশেদ আলম, মিন্টুন দাশ, মো. মজিদ ও নুরুল ইসলাম। তাঁদের টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ৪২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আবু জার আল জাহিদ। তিনি জানান, রাত ১০টার দিকে বেড়িবাঁধের পাশ থেকে গুলিবিদ্ধ অবস্থায় মো. ইসমাঈলকে (৪২) আটক করা হয়েছে। তাঁর কাছ থেকে ৪৯ হাজার ৪০০টি ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ছাড়া তাঁর কাছ থেকে একটি কিরিচ উদ্ধার করা হয়। পরে তাঁকে পুলিশে সোপর্দ করা হয়েছে।
আটক ইসমাঈল উপজেলার সদর ইউনিয়নের মৌলভীপাড়া গ্রামের নুরু সোলতানের ছেলে।
বিবিজির ভাষ্য, ইসমাইল তাদের কাছে স্বীকার করেছেন মিয়ানমার থেকে ইয়াবার চালান নিয়ে তিনি ও তাঁর সহযোগীরা টেকনাফ যাচ্ছিলেন। বিজিবির গুলিতে তাঁদের আরও এক সদস্য আহত হয়েছেন। আহত অপরজন পাশের গ্রামে আত্মগোপন করেছেন।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রণজিত্ কুমার বড়ুয়া প্রথম আলোকে জানান, ইসমাঈলের পায়ে গুলি লেগেছে। তাঁকে প্রথমে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাথমিক চিকিত্সা দেওয়া হয়। পরে পুলিশ হেফাজতে কক্সবাজার সদর হাসপাতালে চিকিত্সা দেওয়া হচ্ছে। এ ঘটনায় বাদী হয়ে দুটি মামলা করছে বিজিবি।