টেকনাফের আনসার ক্যাম্প থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তুমব্রু এলাকার জঙ্গল থেকে গতকাল বুধবার সকালে ছয়টি এসএমজি উদ্ধার করা হয়েছে। র্যা ব বলছে, উদ্ধার করা অস্ত্রগুলো টেকনাফের আনসার ক্যাম্প থেকে লুট করেছিল দুর্বৃত্তরা। এদিকে অস্ত্র উদ্ধারের পর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তুমব্রুর ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
গত বছরের ১৩ মে ভোররাতে কক্সবাজারের টেকনাফের নয়াপাড়ার রোহিঙ্গা শরণার্থীশিবিরের মুছনী আনসার ক্যাম্পে হামলা চালায় দুর্বৃত্তরা। ওই সময় দুর্বৃত্তদের গুলিতে নিহত হন আনসার ক্যাম্পের কমান্ডার মো. আলী হোসেন। পরে দুর্বৃত্তরা ক্যাম্প থেকে ১১টি আগ্নেয়াস্ত্র ও ৬৭০টি গুলি লুট করে নিয়ে যায়।
র্যা বের কক্সবাজার অঞ্চলের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার আশেকুর রহমান বলেন, উদ্ধার করা ছয়টি এসএমজি টেকনাফের আনসার ক্যাম্প থেকে লুট হয়েছিল। এর আগে গত ১০ জানুয়ারি আনসার ক্যাম্প থেকে লুট হওয়া পাঁচটি ভারী অস্ত্র উদ্ধার করেছিল র্যা ব।
র্যা ব সূত্র জানায়, গত মঙ্গলবার সন্ধ্যায় র্যা ব সদস্যরা উখিয়ার কুতুপালং অনিবন্ধিত রোহিঙ্গা শিবির এলাকা থেকে আনসার ক্যাম্পে সশস্ত্র হামলার ‘অন্যতম হোতা’ নুরুল আলমকে গ্রেপ্তার করে। তার বাড়ি মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু এলাকায়। পরে র্যা ব সদস্যরা নুরুল আলমকে জিজ্ঞাসাবাদ করে আনসার ক্যাম্প থেকে লুণ্ঠিত অস্ত্র উদ্ধারে অভিযান শুরু করেন। একপর্যায়ে গতকাল ভোররাতে নাইক্ষ্যংছড়ির তুমব্রু এলাকার পাহাড়ের জঙ্গল থেকে ছয়টি এসএমজি ও ছয়টি গুলি উদ্ধার করা হয়।
কক্সবাজারের পুলিশ সুপার এ কে এম ইকবাল হোসেন প্রথম আলোকে বলেন, উদ্ধার করা অস্ত্র দেখতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান গতকাল বেলা দেড়টার দিকে ঢাকা থেকে বিমানযোগে কক্সবাজার আসেন। এরপর সেখান থেকে র্যা বের হেলিকপ্টারে করে উখিয়ায় টেলিভিশন টাওয়ারের কাছের একটি হেলিপ্যাডে নামেন। সেখান থেকে তিনি হেঁটে অস্ত্র উদ্ধারস্থলে যান।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল মিজানুর রহমান, র্যা বের মহাপরিচালক বেনজির আহমেদ, র্যা বের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান, র্যা ব-৭-এর পরিচালক লে. কর্নেল মিফতাহ উদ্দিন, কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজি আব্দুর রহমান, উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাইন উদ্দিন।
কয়েক মাসের ব্যবধানে আনসার ক্যাম্প থেকে লুট হওয়া ১১টি অস্ত্র উদ্ধার ও ঘটনার হোতাদের গ্রেপ্তার করায় র্যা ব সদস্যদের ধন্যবাদ দেন স্বরাষ্ট্রমন্ত্রী।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সাংবাদিকদের বলেন, টেকনাফের আনসার ক্যাম্পে হামলার মূল পরিকল্পনাকারী নুরুল আলম আনসার কমান্ডার আলী হোসেনকে গুলি করেছিল। এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মানবিক কারণে রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া হয়েছে। যখন মিয়ানমারে স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসবে, তখন তারা সেখানে চলে যাবে।