টেকনাফের ইয়াবাসম্রাট নুরুল হুদা গ্রেপ্তার
কক্সবাজার-টেকনাফ সড়কের মরিচ্যা চেকপোস্ট এলাকা থেকে গতকাল সোমবার ভোরে র্যাব সদস্যরা অভিযান চালিয়ে সাত হাজার পিস ইয়াবাসহ টেকনাফের আলোচিত ইয়াবাসম্রাট নুরুল হুদাকে গ্রেপ্তার করেছেন।
নুরুল হুদা উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা গ্রামের মৃত আবুল হাশেমের ছেলে। এ সময় একটি অবৈধ অস্ত্রসহ তাঁর ভাই শামসুল হুদা ও কর্মচারী মো. ইসমাইলকেও গ্রেপ্তার করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, নুরুল হুদা, তাঁর বড় ভাই নুর মোহামঞ্চদ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী।
গত ১২ জানুয়ারি দুপুরে র্যাব সদস্যরা লেদা গ্রামের নুর মোহামঞ্চদের বাড়িতে অভিযান চালিয়ে প্রায় দুই কোটি টাকার ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেন। এ সময় ইয়াবা বিক্রির তিন লাখ ৮৯ হাজার টাকাসহ নুর মোহামঞ্চদের স্ত্রী মিনারা বেগমকে (৩০) গ্রেপ্তার করা হয়।
র্যাব-৭ কক্সবাজার অঞ্চলের উপপরিচালক মেজর কাজী মো. রাশেদুল আলম প্রথম আলোকে বলেন, গতকাল সোমবার ভোর পাঁচটার দিকে নুরুল হুদা, ভাই শামসুল হুদা ও কর্মচারী ইসমাইল মাইক্রোবাসে টেকনাফ যাচ্ছিলেন। এ সময় র্যাব সদস্যরা মাইক্রোটি তল্লাশি করে নুরুল হুদার শরীর থেকে সাত হাজার পিস ইয়াবা এবং অন্যদের কাছ থেকে পাঁচটি গুলিসহ একটি এলজি উদ্ধার করেন।
কাজী মো. রাশেদুল বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নুরুল হুদা ইয়াবা চোরাচালানে জড়িত থাকার কথা স্বীকার করেছেন এবং মিয়ানমার সীমান্তের অন্যান্য ইয়াবা গডফাদারদের ব্যাপারেও গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন।
সূত্র জানায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকায় ইয়াবা ব্যবসায়ী হিসেবে টেকনাফের আওয়ামী লীগের সাংসদ আবদুর রহমান বদির পাঁচ ভাই আবদুল আমিন, মোহামঞ্চদ ফয়সাল, শফিকুল ইসলাম, মৌলভী মুজিবুর রহমান ও আবদু শুক্কুরের নামও রয়েছে। এই তালিকায় লেদা গ্রামের দুই ভাই নুরুল হুদা ও নুর মোহাম্মদ, নাজিরপাড়ার ছৈয়দ হোসেন, সিকদারপাড়ার শামসুল আলম, হাবিরপাড়ার সিদ্দিক মিয়াও রয়েছেন। তাঁরা সবাই সাংসদ বদির ঘনিষ্ঠজন।
টেকনাফের লেদা ইউনিয়নের আওয়ামী লীগ নেতা ও একসময়ের জিপচালক নুরুল হুদা মিয়ানমারের সঙ্গে ইয়াবা ব্যবসা করে রাতারাতি শতকোটি টাকার মালিক বনে যান। লেদা বাজারে তিনি কয়েক কোটি টাকা খরচ করে দোতলা আলিশান বাড়ি করেছেন। পার্শ্ববর্তী দমদমিয়া বিজিবি বিওপির পাশে তৈরি করেন তিনতলা আরও একটি ভবন। কক্সবাজার-টেকনাফ সড়কে তাঁর ২০টিরও বেশি বাস চলাচল করে।