টেকনাফের গুদুমগুহায় পর্যটনকেন্দ্র উদ্বোধন
কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নে গুদুমগুহা পর্যটনকেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। গত সোমবার দুপুরে এ কেন্দ্রের উদ্বোধন করেন কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা (ডিএফও) মো. আলী কবির।
এ উপলক্ষে গুহা প্রাঙ্গণে সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন হোয়াইক্যং সহব্যবস্থাপনা কমিটির সভাপতি আলমগীর চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি (ভারপ্রাপ্ত) আবু মোর্শেদ চৌধুরী, প্রথম আলোর কক্সবাজারের নিজস্ব প্রতিবেদক আব্দুল কুদ্দুস, বেসরকারি সংস্থা ক্রেলের কক্সবাজার আঞ্চলিক ব্যবস্থাপক আলম খান ও নিসর্গ নেটওয়ার্ক সহব্যবস্থাপনা কমিটির কোষাধ্যক্ষ হারুন অর রশীদ।
ডিএফও মো. আলী কবির বলেন, গুহায় যাতায়াতের রাস্তা, বিশ্রামাগার, শৌচাগার ও টিকিট কাউন্টার নির্মাণ করে এটিকে আকর্ষণীয় করা হয়েছে। পর্যটকের নিরাপত্তা নিশ্চিত করতে বন বিভাগের তত্ত্বাবধানে সহব্যবস্থাপনা কমিটির সদস্যরা দায়িত্ব পালন করছেন।
হোয়াইক্যং বন বিট কর্মকর্তা গাজী ওমর আলী বলেন, সোমবার গুদুমগুহা কেন্দ্রটি উদ্বোধনের পর ২৪ জন ব্যক্তি টিকিট কেটে গুহা পরিদর্শন করেন। টিকিটের দাম শিক্ষার্থীদের জন্য ৫ টাকা। প্রাপ্তবয়স্কদের জন্য ২০ টাকা।