‘জাহাজত গরি (জাহাজে করে) আঁর পোয়ারে মালয়েশিয়া নিব হই (নেব বলে) দালাল জায়েদ উল্লাহ কাটর নৌহাত (কাঠের নৌকায়) তুলি দিইয়ে। হেই নৌহা সাগরত ডুবি আঁর পোয়া মরি গিআঁই। এহন আঁই কারে লই বাইচ্ছুম। তুয়ারা আঁর পোয়ারে আনি দ।’কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপের মাঝরপাড়া গ্রামের নূর আলীর স্ত্রী রসিদা খাতুন (৪২) তাঁর নিখোঁজ ছেলে জসিম উদ্দিনের (১৮) জন্য গতকাল বুধবার এভাবেই বিলাপ করছিলেন। এ সময় জসিমের তিন বোন ও এক ভাইও মায়ের পাশে বসে কান্নাকাটি করছিলেন।সেন্ট মার্টিন দ্বীপের অদূরে দক্ষিণ বঙ্গোপসাগরে গত সোমবার রাতে ১২৮ জন যাত্রীবোঝাই একটি ট্রলার ডুবে যায়। এঁদের মধ্যে ছয়জনকে উদ্ধার করা গেলেও বাকি ১২২ জনের খোঁজ পাওয়া যায়নি। নিখোঁজ ব্যক্তিদের তালিকায় জসিমও রয়েছেন।জসিমের বাবা নূর আলী (৫৫) পেশায় জেলে। সাগরে মাছ ধরে সংসার চালান। পরিবারের সচ্ছলতা ফিরিয়ে আনতে মেজো ছেলে জসিমকে মালয়েশিয়া পাঠানোর সিদ্ধান্ত নেন। কিন্তু হাতে টাকা ছিল না। তাই গ্রামের একজনের কাছে জমি বন্ধক রেখে ২৫ হাজার টাকা কর্জ এনে দালাল জায়েদ উল্লাহর হাতে তুলে দেন।একইভাবে নূর আলীর প্রতিবেশী আবদুল হাকিমের ছেলে শামসুল আলম (৩৫) ও মো. ইউনুছের ছেলে মো. আলম (৩৪) ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ রয়েছেন। এঁদের ঘরেও স্বজনদের মাতম। আলমের স্ত্রী আনোয়ারা বেগম (২৮) তাঁর চার মাসের শিশুপুত্রকে কোলে নিয়ে বিলাপ করছিলেন।গতকাল সকাল ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত শাহপরীর দ্বীপ, মাঝরপাড়া, ডাঙ্গরপাড়া, নয়াপাড়া, সাবরাং, কাটাবুনিয়াসহ বিভিন্ন গ্রাম ঘুরে দেখা গেছে, ঘরে ঘরে স্বজন হারানোর কান্না। জাহাজের পরিবর্তে কাঠের ট্রলারে করে মালয়েশিয়া পাঠানোর ঘটনায় গ্রামবাসী দালালদের দুষছে।সাবরাং ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হামিদুর রহমান বলেন, শাহপরীর দ্বীপের মাঝরপাড়ার ১৪ পরিবারের ১৬ জন, ডাঙ্গরপাড়ার তিন পরিবারের তিনজন, নয়াপাড়ার নয় পরিবারের ১১ জন, সাবরাংয়ের সাত পরিবারের সাতজন ও কাটাবুনিয়া গ্রামের পাঁচ পরিবারের পাঁচজনের নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। অবশিষ্ট ব্যক্তিরা টেকনাফ, মহেশখালী ও কক্সবাজার সদর এলাকার বাসিন্দা। এ ছাড়া নিখোঁজ ব্যক্তিদের মধ্যে মিয়ানমারের অনুপ্রবেশকারী রোহিঙ্গাও রয়েছে।সেন্ট মার্টিন দ্বীপ ইউপি চেয়ারম্যান নুরুল আমিন বলেন, এই দ্বীপ থেকে ৪০-৫০ কিলোমিটার দক্ষিণ বঙ্গোপসাগরে ট্রলারটি ডুবেছে বলে জেলেরা জানিয়েছেন। জেলেরা অনেক লাশ মিয়ানমারের দিকে ভেসে যেতে দেখেছেন।যোগাযোগ করা হলে কোস্টগার্ডের শাহপরীর দ্বীপ কার্যালয়ের লে. কমান্ডার মো. বদরুদ্দোজা গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, এ পর্যন্ত নিখোঁজ কারও সন্ধান মেলেনি।টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহামঞ্চদ ফরহাদ বলেন, ট্রলারডুবির ঘটনায় গতকাল সন্ধ্যা পর্যন্ত কেউ মামলা করতে আসেননি।