টেকনাফের জালিয়ার দ্বীপ থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফের জালিয়ার দ্বীপের নাফ ট্যুরিজম পার্কের জমি দখল করে গড়ে তোলা ১৫টি ঘর ও প্রায় ২০০ একর লবণ মাঠ দখলমুক্ত করেছে উপজেলা প্রশাসন।
গতকাল মঙ্গলবার বেলা ১১টা থেকে বিকেল চারটা পর্যন্ত অভিযান চালিয়ে এসব ঘর উচ্ছেদ করা হয়। অভিযানে নেতৃত্ব দেন টেকনাফ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তুষার আহমদ।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, নাফ নদীর বুকে গড়ে ওঠা জালিয়ার দ্বীপের আয়তন ২৭১ দশমিক ৯৩ একর। স্বাধীনতার পর থেকে এই দ্বীপে চিংড়ি ও লবণ উৎপাদন করে আসছিলেন কিছু প্রভাবশালী ব্যক্তি। নাফ ট্যুরিজম পার্ক গড়ে তোলার জন্য ভূমি মন্ত্রণালয় প্রতীকী মূল্যে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) অনুকূলে দ্বীপটি বন্দোবস্ত দিয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তুষার আহমদ প্রথম আলোকে বলেন, পাঁচ ঘণ্টা অভিযান চালিয়ে ১৫টি স্থাপনা (ঘর) ও প্রায় ২০০ একর লবণ মাঠ দখলমুক্ত করা হয়েছে। দখলমুক্ত করা জমি এখন থেকে উপজেলা প্রশাসনের নজরদারিতে থাকবে।