টেকনাফের জেলেদের মধ্যে নাসাকা-আতঙ্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর (নাসাকা) হাতে অপহরণ এবং ট্রলার, জাল ও মাছ লুটের কারণে কক্সবাজারের টেকনাফ উপজেলার কয়েক হাজার জেলে মিয়ানমারসংলগ্ন নাফ নদ ও বঙ্গোপসাগরে মাছ শিকারে যাচ্ছেন না। এতে জেলেদের সঙ্গে বিপাকে পড়েছেন এলাকার নৌকা ও ট্রলারের মালিকেরা।সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, গত মাসের শেষ সপ্তাহ থেকে নাফ নদ ও গভীর বঙ্গোপসাগরের সেন্ট মার্টিন চ্যানেলে বাংলাদেশের জলসীমায় ছেঁড়াদিয়ার দক্ষিণ-পশ্চিম মৌলভীর শীলে ইলিশসহ বিভিন্ন প্রজাতির মাছ ব্যাপকহারে ধরা পড়ছে। এর মধ্যে গত ২৯ সেপ্টেম্বর সকালে নাফ নদের পেরাংপুরু এলাকায় মাছ শিকারের সময় নাসাকা বাহিনী নৌকাসহ চার জেলেকে অপহরণ করে। অপহূত জেলেরা হলেন মো. আনোয়ার (২৫), আলীর জোহার (৩৫), নুরু মিয়া (২৪) ও নুর হোসেন (২৬)। তাঁরা সবাই টেকনাফ পৌর এলাকার নাইট্যংপাড়ার বাসিন্দা। এর আগে ২৭ সেপ্টেম্বর বিকেলে দক্ষিণ-পশ্চিম মৌলভীর শীলে নাসাকা বাহিনী কয়েকটি ট্রলার ধাওয়া ও গুলিবর্ষণ করে তাড়িয়ে দেয়। এ সময় মাছসহ দুটি ট্রলার ছিনতাই ও ১৫ মাঝিমাল্লাকে সাগরে নিক্ষেপ করে তারা। পরে অপর একটি ট্রলার তাঁদের উদ্ধার করে নিয়ে আসে।শাহপরীর দ্বীপের দক্ষিণপাড়ার মোহাম্মদ আলী আজগর জানান, নাসাকা বাহিনীর ধাওয়া খেয়ে কেউ এখন আর সাগরে মাছ শিকারে যাচ্ছে না। ট্রলারমালিক মোহাম্মদ ইসমাইল ও মোহাম্মদ সেলিম বলেন, নাসাকা বাহিনীর অত্যাচার ও লুটপাটের কারণে কোনো জেলেই মাছ শিকারে যেতে রাজি হচ্ছেন না। জেলেদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।বাংলাদেশ নৌবাহিনীর নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা এ বিষয়ে প্রথম আলোকে জানান, পুরো এলাকায় তাঁদের নিয়মিত টহলজাহাজ রয়েছে। নাসাকা নৌবাহিনীর গতিবিধি লক্ষ্য করে এসব ঘটনা ঘটাচ্ছে। টেকনাফ ৪২ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোজাম্মেল হোসেন বলেন, ২৯ সেপ্টেম্বর নাফ নদ থেকে বাংলাদেশি চার জেলেসহ নৌকা অপহরণের ঘটনার প্রতিবাদ ও জেলেদের ফেরত দেওয়ার জন্য নাসাকার কাছে চিঠি পাঠানো হয়েছে।