ইলিশের ভরা মৌসুম এখন। কিন্তু সাগর উত্তাল থাকায় দুই সপ্তাহ ধরে জেলেরা মাছ ধরতে যেতে পারেননি। এরই মধ্যে জেলে পরিবারগুলোর চাল-ডালও শেষ হয়ে গেছে। এ অবস্থায় টেকনাফের উপকূলীয় জেলেপল্লির পরিবারগুলোতে এখন চরম দুর্দিন চলছে।সূত্র জানায়, উপজেলার প্রায় ২৫ হাজার পরিবারের জীবিকা নির্ভর করে সাগরে মাছ শিকারের ওপর। কিন্তু বৈরী আবহাওয়ার কারণে জেলেরা গত দুই সপ্তাহ সাগরে মাছ ধরতে যেতে না পারায় পরিবারগুলো অভাব-অনটনের মধ্যে দিন কাটাচ্ছে। সূত্র আরও জানায়, সরকারিভাবে দেশের বিভিন্ন স্থানে জেলেদের পুনর্বাসনের ব্যবস্থা থাকলেও টেকনাফে এ ধরনের কোনো সুযোগ-সুবিধা নেই।ট্রলার মালিক মোহাম্মদ আবদুস শুক্কুর ও সুলতান আহমদ বলেন, এ সময়ে সাগরে প্রচুর ইলিশ ধরা পড়ে। কিন্তু বৈরী আবহাওয়ার কারণে সাগরে যাওয়া যাচ্ছে না। এতে জেলে-ট্রলার মালিক সবাই ক্ষতিগ্রস্ত হচ্ছেন।সেন্ট মার্টিনের জেলে খলিলুর রহমান ও বাহারছড়ার ফয়েজুর হক জানান, ভরা মৌসুমে সাগরে নামতে না পারায় সব জেলে পরিবারে দেখা দিয়েছে অভাব-অনটন।নাম প্রকাশে অনিচ্ছুক একজন জেলে বলেন, ‘ঘরে চাল-ডালের মজুদ শেষ হয়ে গেছে। দুই দিন ধরে ছেলেমেয়েদের মুখে খাবার দিতে পারিনি। এখন চুরি করা ছাড়া কোনো উপায় দেখছি না।’শাহপরীর দ্বীপ মিস্ত্রিপাড়ার জেলে পরিবারের গৃহবধূ আয়েশা বেগম জানান, পরিবারে সাত সদস্যদের মুখে একমুঠো ভাত তুলে দিতেও এখন হিমশিম খেতে হচ্ছে।সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুরুল আমিন জানান, সাগরে মাছ শিকার বন্ধ থাকায় স্থানীয় বাজারে মাছের সংকট দেখা দিয়েছে।টেকনাফ ট্রলার মালিক সমিতির সভাপতি মোহাম্মদ রফিক কোম্পানি ও শাহপরীর দ্বীপ ট্রলার মালিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আয়ুব জানান, এ সময়ে ঝাঁকে ঝাঁকে ইলিশ জালে আটকা পড়ে। কিন্তু সাগরে এখন ভারী বর্ষণ ও দমকা হাওয়া বইছে। তাঁরা বলেন, বৈরী আবহাওয়ার কারণে ট্রলার মালিকেরাও ক্ষতিগ্রস্ত হচ্ছেন।গতকাল রোববার স্থানীয় জেলেরা বলেন, সাগর আগের চেয়ে এখন কিছুটা শান্ত। দুই-একদিনের মধ্যে তাঁরা সাগরে যেতে পারবেন বলে আশা করছেন।জেলা ম ৎ স্য কর্মকর্তা মোহাম্মদ গোলাম রব্বানী প্রথম আলোকে বলেন, টেকনাফে জেলেদের পুনর্বাসনের ব্যবস্থার প্রয়োজনীয়তা সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে।