টেকনাফের জেলেরা পেশা পাল্টাচ্ছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিষেধাজ্ঞার কারণে নাফ নদীতে মাছ ধরা বন্ধ। গতকাল বিকেলে টেকনাফের শাহপরীর দ্বীপের জালিয়াপাড়ায় কয়েকজন জেলের অবসর কাটে জাল সেলাই আর গল্পগুজবে l ছবি: প্রথম আলো
নিষেধাজ্ঞার কারণে নাফ নদীতে মাছ ধরা বন্ধ। গতকাল বিকেলে টেকনাফের শাহপরীর দ্বীপের জালিয়াপাড়ায় কয়েকজন জেলের অবসর কাটে জাল সেলাই আর গল্পগুজবে l ছবি: প্রথম আলো

নাফ নদীতে জেলে নৌকায় মাছ ধরে সংসার চালাতেন টেকনাফের নতুন পল্লানপাড়া গ্রামের আবদুল হাফেজ। জেলে পরিচয় মুছে এক মাস ধরে রিকশা চালাচ্ছেন তিনি। ৪০ বছরের পেশা পাল্টানো নিয়ে বড় আক্ষেপ তাঁর। ষাট ছুঁইছুঁই হাফেজ বলেন, বয়স বেশি হওয়ায় রিকশা–ভ্যান চালানো তাঁর জন্য বেশ কষ্টের। এই কাজে আনন্দও পাচ্ছেন না তিনি।

হাফেজ বলেন, তাঁর আট সদস্যের পরিবার। বড় ছেলে মাদকাসক্ত। সারা দিন রিকশা চালিয়ে কোনো রকমে পেটে-ভাতে চলছে তাঁর সংসার। জেলে থাকা অবস্থায় মজুরি ছাড়াও মাছের ভাগ পেতেন নৌকার মালিকের কাছ থেকে। তিনি বলেন, অন্তত ২০০ জেলে সংসার চালানোর জন্য অন্য কাজ করছেন।

জেলের পেশা ছেড়ে অন্য কাজে যুক্ত হওয়া পাঁচজনের সঙ্গে গতকাল শনিবার কথা বলেছে প্রথম আলো। তাঁদের কেউ টেকনাফের রাস্তায় রিকশা চালাচ্ছেন, কেউবা টমটম (ব্যাটারিচালিত রিকশা)। নাফ নদীর এই জেলেদের দুর্দশার শুরু গত ২৫ আগস্ট। সেদিন থেকে মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর নির্যাতন ও গণহত্যা শুরু হয়। এরপর সীমান্তে উত্তেজনার কারণে নদীতে মাছ ধরায় নিষেধাজ্ঞা জারি করে টেকনাফ উপজেলা প্রশাসন। তিন মাস হতে চললেও এখনো বহাল রয়েছে নিষেধাজ্ঞা।

টেকনাফ উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, উপজেলায় নিবন্ধিত মাছ ধরার ১ হাজার ৮৫৫টি নৌকা রয়েছে। জেলের সংখ্যা ৭ হাজার ৮৮৩। এর মধ্যে নাফ নদীতে ছয় শতাধিক নৌকায় ১ হাজার ১৮৬ জেলে মাছ ধরেন। অন্য নৌকা এবং বাকি জেলেরা সাগরে মাছ ধরেন। তিনি বলেন, সাগরে যেসব জেলে মাছ ধরেন, তাঁদের সমস্যা হচ্ছে না। নদীর জেলেরা নিষেধাজ্ঞার কারণে সমস্যায় পড়েছেন। নাফ নদীর ১ হাজার ১৮৬ জেলেকে আর্থিক সহায়তা দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তিনি চিঠি পাঠিয়েছেন।

তবে নিষেধাজ্ঞার মধ্যেও নৌকার মালিক, মাঝি ও জেলেদের একটি অংশ রোহিঙ্গা পারাপারের ব্যবসায় জড়িয়ে পড়েছে। শুরুতে তাদের সংখ্যা ৮০০ জনের বেশি ছিল। এর মধ্যে রোহিঙ্গা পারাপারের ঘটনায় এ পর্যন্ত ৫০০ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং জরিমানা করেছে স্থানীয় প্রশাসন। তবে সাধারণ জেলেদের বেশির ভাগই অবৈধ এই কাজে জড়াননি।

এ বিষয়ে টেকনাফ-২-বিজিবির উপ–অধিনায়ক মেজর শরীফুল ইসলাম জমাদ্দার বলেন, এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে মূলত রোহিঙ্গা পারাপার বন্ধ করার জন্য। কিন্তু জেলেদের একটি অংশ এখনো রোহিঙ্গাদের পারাপারের ব্যবসায় জড়িত। নৌকার মালিক ও দালাল চক্রের সদস্যরা রোহিঙ্গা পারাপার করে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে।

মাছ ধরা বন্ধ থাকায় টেকনাফের শাহপরীর দ্বীপে নাফ নদীর বিভিন্ন ঘাটে নৌকাগুলো নোঙর করে রাখা হয়েছে। এসব নৌকায় বসে অলস সময় কাটান জেলেরা। আবার কিছু নৌকা বেড়িবাঁধের ওপর তুলে রাখা হয়েছে।

জালিয়াপাড়ার জেলে নুর মোহাম্মদের স্ত্রী রহিমা খাতুন বলেন, এক বেলা খেলে আরেক বেলা ঠিকমতো খেতে পারেন না। নৌকার মালিকও আগাম কোনো টাকা দিচ্ছেন না। সাত ছেলেমেয়ের মধ্যে ছোট দুই ছেলে-মেয়েকে দিয়ে এখন ভিক্ষার কাজ করাচ্ছেন।

কবে নাগাদ নাফ নদীতে মাছ ধরার নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে, তা বলতে পারেননি টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদ হোসেন ছিদ্দিকী। তিনি বলেন, প্রকৃত ক্ষতিগ্রস্ত জেলেদের সহায়তা করার চেষ্টা করছেন।