টেকনাফের ট্রাকচালক ঢাকায় খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ উপজেলার ট্রাকচালক আবুল কালাম ঢাকায় খুন হয়েছেন। গতকাল শুক্রবার তাঁর লাশ বাড়িতে আনা হয়। ইয়াবা বড়ি ব্যবসা-সংক্রান্ত জটিলতায় তাঁকে হত্যা করা হয়েছে বলে নিহতের পরিবার দাবি করেছে। এ ছাড়া গুরুতর আহত আরেকজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।নিহত ট্রাকচালকের পরিবার জানায়, টেকনাফ সদর ইউনিয়নের গোদারবিল এলাকার আবুল হাসিমের ছেলে আবুল কালাম (৩০), তাঁর ছোট ভাই মো. জাহেদ আলম ও সহযোগী জাহালিয়াপাড়ার মো. কালু মিলে ৮ মে টেকনাফ থেকে পানভর্তি ট্রাক নিয়ে ঢাকায় যান। পরের দিন ৯ মে সন্ধ্যায় টেকনাফ সদর ইউনিয়নের ছোট হাবিরপাড়ার খলিলুর রহমানের ছেলে ইউছুফ জালাল বাহাদুর, নাজিরপাড়ার ছিদ্দিক আহমদ ও শীলবনিয়াপাড়ার মো. জিয়াবুল হোসেনের ছেলে মো. হাসানসহ কয়েকজন এসে জানায়, কালামের ট্রাকে ঢাকায় কিছু ইয়াবা বড়ি পৌঁছানোর কথা ছিল। কিন্তু সেগুলো পৌঁছেনি। ক্ষতিপূরণ হিসেবে তাঁদের ৬০ হাজার টাকা দিতে হবে। নাহলে কালামকে মেরে ফেলা হবে। এ অবস্থায় কালামের পরিবার দ্রুত টাকা জোগাড় করে বাহাদুরকে দেয়। কিন্তু ১০ মে সকালে বাহাদুর টাকা ফেরত দিয়ে কালামকে খুন করা হয়েছে বলে জানায়। জাহেদ জানান, ঢাকা পৌঁছানোর পর তাঁর বড় ভাই ও কালুকে অপহরণ করা হয়। তিনি বাধা দিলেও অপহরণকারীদের সঙ্গে পেরে ওঠেননি। আহত কালু ঢাকা মেডিকেল হাসপাতাল থেকে মুঠোফোনে জানান, অপহরণের পর তাঁদের মারধর করা হয়। একপর্যায়ে কালাম মারা যান। নিহতের পরিবার আরও জানায়, খোঁজাখুঁজির একপর্যায়ে লাশ ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাওয়া যায়। গতকাল শুক্রবার সেটি টেকনাফে আনা হয়েছে। নিহতের চাচা আবদুল হামিদ বাহাদুর, ছিদ্দিক ও হাসানসহ অজ্ঞাতনামা আরও ছয়-সাতজনকে আসামি করে যাত্রাবাড়ী থানায় মামলা করেছেন।