টেকনাফের তিন ইউনিয়নে বিশুদ্ধ পানির তীব্র সংকট
কক্সবাজারের টেকনাফ উপজেলার তিনটি ইউনিয়নের পাহাড়ি এলাকায় বিশুদ্ধ পানির সংকট চলছে। এর ফলে তিন ইউনিয়নের অর্ধলক্ষাধিক মানুষ দুর্ভোগ পোহাচ্ছে।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, উপজেলার দুর্গম এলাকার অর্ধশতাধিক গ্রামে অর্ধলক্ষাধিক লোকের বসবাস। তারা ঝরনা, ছড়া ও ঝিরি থেকে সংগৃহীত পানির ওপর নির্ভরশীল। দীর্ঘদিন অনাবৃষ্টি ও পানির স্তর নিচে নেমে যাওয়ায় ওই সব গ্রামে পানির তীব্র সংকট দেখা দিয়েছে।
এলাকাবাসী জানায়, শুষ্ক মৌসুমে পাহাড়ের সব ঝরনা, ছড়া ও ঝিরি শুকিয়ে যায়। বছরে প্রায় চার মাস পানির সংকট থাকে। তবে অন্যান্য বছরের তুলনায় এবারের সংকট তীব্র। দাতা সংস্থা ও স্থানীয় উন্নয়ন সংস্থার প্রতিনিধিদল একাধিকবার এলাকা পরিদর্শন করে এবং পাহাড়ি এলাকায় পানি সরবরাহের আশ্বাস দেয়। কিন্তু এখনো তার বাস্তবায়ন হয়নি।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সূত্র জানায়, টেকনাফের দুর্গম পাহাড়ি গ্রামগুলো সমতল এলাকার চেয়ে এক-দুই হাজার ফুট উঁচুতে অবস্থিত। তাই সেখানে নলকূপ কিংবা রিংওয়েল বসানোর কোনো সুযোগ নেই।
হোয়াইক্যং ইউনিয়নের কানজরপাড়া গ্রামের বাসিন্দা আব্দুর রশিদ আশঙ্কা প্রকাশ করেন, পানির অভাবে সামনে আরও ভয়াবহ অবস্থার তৈরি হবে।
হ্নীলা লেচুয়াপ্রাং গ্রামের গৃহিণী মজিনা বেগম জানান, সাত-আট কিলোমিটার দূরের বাহাতিরছড়ার এলাকা থেকে কলসি ভরে পানি আনা হয় পান করার জন্য। পরিবারের সদস্যদের গোসল ও রান্নার জন্য ওই ছড়ার পানিই ভরসা।
হোয়াইক্যং ইউপি চেয়ারম্যান নূর আহমদ আনোয়ারী, বাহারছড়া ইউপি চেয়ারম্যান হাবিব উল্লাহ ও হ্নীলার ইউপি চেয়ারম্যান মাস্টার মীর কাশেম অভিন্ন স্বরে বলেন, পানি-সংকট নিরসনে দ্রুত ব্যবস্থা না নিলে মহামারি দেখা দেবে।
উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মো. ইকবাল হোসেন বলেন, যেসব এলাকায় নলকূপ স্থাপন করা সম্ভব হচ্ছে না, সেখানে আইডিপি ও জিওবি প্রকল্পের আওতায় কিছু অগভীর নলকূপ বসানোর কাজ চলছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শিশুরোগ বিশেষজ্ঞ আতাউর রহমান বলেন, প্রচণ্ড গরম পড়ায় উপজেলার কয়েকটি এলাকায় পানিবাহিত রোগের প্রাদুর্ভাব বেড়ে গেছে। আক্রান্তদের মধ্যে শিশুর সংখ্যাই বেশি।
টেকনাফ উপজেলা পরিষদের চেয়ারম্যান শফিক মিয়া বলেন, পাহাড়ি এলাকায় পানীয়জলের সংকট দেখা দিয়েছে। সরকারি বরাদ্দ অপ্রতুল হওয়ায় সংশ্লিষ্ট এলাকাগুলোতে পানি সরবরাহ করা সম্ভব হচ্ছে না।