টেকনাফের দুর্নীতিবাজদের চিহ্নিত করা হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুধু ঘুষ নেওয়া দুর্নীতি নয়। সঠিক সময়ে অফিসে না আসা, শিক্ষার্থীদের ক্লাস ফাঁকি দেওয়া, জনগণকে সেবা না দেওয়াও দুর্নীতি। দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে সবাইকে সততার সঙ্গে কাজ করতে হবে। টেকনাফে যারা দুর্নীতিবাজ রয়েছে, তাদের চিহ্নিত করা হচ্ছে। টেকনাফকে ইয়াবা পাচারের নিরাপদ রুট হিসেবে যারা ব্যবহার করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

গতকাল রোববার কক্সবাজারের টেকনাফে আয়োজিত এক সভায় এসব কথা বলেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার এ এফ এম আমিনুল ইসলাম।

‘দেশ গড়ার প্রয়োজনে দুর্নীতি রুখব সর্বজনে’ স্লোগানে টেকনাফ উপজেলা প্রশাসন এ সভার আয়োজন করে। গতকাল সকাল ১০টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ শফিউল আলম। সভায় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকেরা উপস্থিত ছিলেন। সভা শেষে দুদকের কমিশনার সততার সঙ্গে কাজ করে যেতে উপস্থিত সবাইকে শপথবাক্য পাঠ করান।

এর আগে সভায় আমিনুল ইসলাম বলেন, দুর্নীতি দমন কমিশনের একার পক্ষে দুর্নীতি কমানো সম্ভব নয়। দুর্নীতির বিরুদ্ধে গণসচেতনতা গড়ে তুলতে হবে। যেখানে দুর্নীতি, সেখানেই প্রতিবাদ করতে হবে। যারা দুর্নীতি করছে, তাদের আইনের আওতায় আনা হচ্ছে। যেসব সরকারি কার্যালয়ে দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারী রয়েছেন, তাঁদের শাস্তি নিশ্চিতে কাজ করে যাচ্ছে দুদক।

সভায় টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শফিউল আলম বলেন, ইয়াবা ব্যবসা বন্ধ হলে দুর্নীতি কমে যাবে। ইয়াবা ব্যবসা বন্ধ করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ইয়াবাবিরোধী অভিযান শুরু করে দিয়েছেন। যারা ইয়াবা ব্যবসায় জড়িয়ে অবৈধ সম্পদ অর্জন করেছে, তাদের তালিকা তৈরি করা হচ্ছে। তিনি বলেন, টেকনাফের জন্য বড় সমস্যা দাঁড়িয়েছে রোহিঙ্গা। বিষয়টি নিয়ে শুরু থেকে মিয়ানমারকে চাপ দিয়ে যাচ্ছে সরকার।

সভায় আরও বক্তব্য দেন দুদকের পরিচালক মনিরুল জামান, কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার গোলাম রুহুল কুদ্দুস, জেলা অতিরিক্ত রাজস্ব কর্মকর্তা আবু নাছের ভূঁইয়া, প্রবীণ শিক্ষক জাহেদ হোসেন, অধ্যাপক শফিকুল ইসলাম প্রমুখ।

সভায় উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান রফিক উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান তাহেরা আক্তার, টেকনাফ পৌরসভার মেয়র মোহাম্মদ ইসলাম, কক্সবাজার জেলা পরিষদের সদস্য শফিক মিয়া, হ্নীলার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এইচ কে আনোয়ার, হোয়াইক্যং ইউপির চেয়ারম্যান নুর আহমদ আনোয়ারী, বাহারছড়ার ইউপির চেয়ারম্যান আজিজ উদ্দিন, সেন্ট মার্টিন ইউপির চেয়ারম্যান নুর আহমদ, সাবরাং ইউপির চেয়ারম্যান নুর হোসেন, টেকনাফ সদর ইউপির চেয়ারম্যান শাহাজাহান মিয়া ও টেকনাফ ডিগ্রি কলেজের অধ্যাপক শামসুল আলম প্রমুখ।