টেকনাফের পাঁচ ইউনিয়নে তথ্যসেবাকেন্দ্র চালু হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উদ্বোধনের দুই মাস পরও কক্সবাজারের টেকনাফ উপজেলার ছয়টি ইউনিয়নের মধ্যে সেন্ট মার্টিন দ্বীপ ইউনিয়ন ছাড়া বাকি পাঁচটিতে ইউনিয়ন তথ্যসেবাকেন্দ্র (ইউআইএসসি) চালু হয়নি। এসব ইউনিয়ন কর্তৃপক্ষ বলছে, পর্যাপ্ত সরঞ্জাম, আসবাব এবং অপারেটরসংকটের কারণে এই সেবা চালু করা যাচ্ছে না।সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশে গত ১১ নভেম্বর একযোগে তথ্যসেবা কার্যক্রম উদ্বোধন করেন। ১৬ ও ১৭ জানুয়ারি উপজেলার ওই পাঁচটি ইউনিয়ন পরিষদের কার্যালয়ে সরেজমিন দেখা গেছে, এসব কেন্দ্রে ইন্টারনেট, অল্প খরচে কম্পোজ, প্রিন্টিং, ছবি তোলা ও স্ক্যানিংয়ের সুবিধা পাওয়া তো দূরের কথা, কোনো কোনো কেন্দ্রে অপারেটরই নেই। অথচ উদ্বোধনের আগেই উপজেলার প্রতিটি ইউনিয়নে একজন পুরুষ ও একজন নারী অপারেটর নিয়োগ দেওয়া হয়।গত রোববার সাবরাং ইউনিয়ন পরিষদের (ইউপি) কার্যালয়ে গিয়ে দেখা গেছে, একটি তালাবদ্ধ কক্ষে ল্যাপটপসহ কিছু সরঞ্জাম রাখা হয়েছে। ইউপি সচিব (ভারপ্রাপ্ত) শেখ ফরিদুল আলম জানান, অপারেটরসংকটের কারণে কার্যক্রম এখনো শুরু হয়নি। ইউনিয়নের মণ্ডলপাড়া গ্রামের কবির আহমদ বলেন, ‘শুনেছি, সরকার ইউনিয়ন পরিষদে বিদেশে থাকা আত্মীয়স্বজনের ছবি দেখে কথা বলার যন্ত্র দিয়েছে। কিন্তু এখানে মেশিন চালানোর লোক না থাকায় চলে যাচ্ছি।’টেকনাফ সদর ইউপি চেয়ারম্যান জাফর আলম জানান, বসার জায়গা ও চেয়ার-টেবিল না পাওয়ায় তথ্যসেবাকেন্দ্র চালু করা সম্ভব হয়নি। ল্যাপটপসহ যাবতীয় সরঞ্জাম ইউপি সচিবেব বাড়িতে আছে। হ্নীলা ইউপি সচিব হাকিম উদ্দিন বলেন, ল্যাপটপ ও মডেম পাওয়া গেলেও এখনো প্রিন্টার, স্ক্যানার, মাল্টিমিডিয়া প্রজেক্টর ও চেয়ার-টেবিল পাওয়া যায়নি। তাই সেবা কার্যক্রম চালু করা সম্ভব হয়নি।বাহারছড়ার ইউপি সচিব বজল আহমদ বলেন, তথ্যসেবাকেন্দ্রে ল্যাপটপসহ যাবতীয় সরঞ্জাম পাওয়া গেলেও অপারেটরসংকটের কারণে সেবা চালু করা যাচ্ছে না। তিনি আরও বলেন, অপারেটরদের মাসিক কোনো বেতন-ভাতা না থাকায় কেউ কাজ করতে আগ্রহী হচ্ছেন না। হোয়াইক্যং ইউপি চেয়ারম্যান নূর আহমদ আনোয়ারী বলেন, ‘ইউপি ভবনের নির্মাণকাজ শেষ না হওয়ায় ল্যাপটপসহ যাবতীয় সরঞ্জাম আমার বাড়িতে রাখা হয়েছে।’সাবরাং ও বাহারছড়ার ইউপি চেয়ারম্যান যথাক্রমে হামিদুর রহমান ও হাফেজ মাওলানা সাইফুল্লাহ বলেন, অপারেটর এবং চেয়ার-টেবিলের অভাবে তথ্যসেবাকেন্দ্র চালু করা যাচ্ছে না। উপজেলা চেয়ারম্যান শফিক মিয়া বলেন, পাঁচটি ইউনিয়ন পরিষদে পর্যাপ্ত সরঞ্জাম ও আসবাব না পাওয়ায় তথ্যসেবা চালু করা যাচ্ছে না। এ ব্যাপারে জেলা প্রশাসনের সঙ্গে যোগযোগ করা হচ্ছে।