টেকনাফের পাহাড়ে সন্ত্রাসীদের আশ্রয়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের তইঙ্গা পাহাড়ে ২০ থেকে ২৫ জনের সশস্ত্র সন্ত্রাসী দল অবস্থান করছে—এমন খবরে এলাকায় মাইকিং করা হয়েছে। মানুষকে সতর্ক করতে ইউনিয়ন পরিষদের উদ্যোগে এলাকায় মাইকিং করা হয়েছে। বিষয়টি নিয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় আলোচনাও হয়েছে।
হোয়াইক্যং ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান নুর আহমদ আনোয়ারী বলেন, স্থানীয় কাঠুরিয়া ও জুমচাষিরা তইঙ্গা পাহাড়ে ২০ থেকে ২৫ জনের একটি সন্ত্রাসী দল দেখতে পেয়ে বিষয়টি তাঁকে জানায়। তারা বলেছে, অস্ত্রধারীদের বেশির ভাগ মুখোশধারী। তাদের হাতে অস্ত্র রয়েছে। এরপর লোকজনকে সতর্ক করতে এলাকায় তিনি মাইকিং করেন এবং গত রোববার উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় বিষয়টি উপস্থাপন করেন।
হোয়াইক্যং ইউপির ৫ নম্বর ওয়ার্ডের সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সৈয়দ হোসেন জানান, বান্দরবানের দুর্গম পাহাড়ে অভিযান শুরু হওয়ার পর অস্ত্রধারী সন্ত্রাসীরা পালিয়ে টেকনাফের পাহাড়ে আত্মগোপন করত বলে ধারণা করা হচ্ছে। গতকাল বিকেলেও অস্ত্রধারীরা তইঙ্গা পাহাড়ে অবস্থান করছে বলে জুমচাষিরা তাঁকে বলেছেন।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ মোজাহিদ উদ্দিন বলেন, গত রোববার দুপুরে টেকনাফ উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় পাহাড়ে মুখোশধারী অস্ত্রধারীদের অবস্থান নিয়ে আলোচনা হয়েছে। অস্ত্রধারীরা কারা তা শনাক্ত করতে পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীকে বলা হয়েছে।
হোয়াইক্যং বাজারের কয়েকজন ব্যবসায়ী নাম না প্রকাশের শর্তে বলেন, টেকনাফের পাহাড়ে একাধিক ডাকাত দলের আস্তানা। হোয়াইক্যং-বাহারছড়া সড়কে প্রায় প্রতিদিন লোকজন ডাকাতের কবলে পড়ছেন। এখন পাহাড়ে মুখোশধারী অস্ত্রধারীদের অবস্থান নিয়ে আতঙ্ক দেখা দিয়েছে। অনেকে রাত জেগে পাহারা বসিয়েছে।
তবে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান খন্দকার জানান, হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির একটি দল গতকাল সকালে ওই পাহাড়ে গিয়ে অস্ত্রধারীদের দেখেনি। তারপরও পুলিশ বিষয়টির খোঁজখবর রাখছে।
কক্সবাজারের পুলিশ সুপার শ্যামল কুমারনাথ প্রথম আলোকে জানান, টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের বরছড়া পাহাড়ের তইঙ্গা নামক স্থানে মুখোশধারী অস্ত্রধারীদের অবস্থানের খবর পাওয়া গেছে। গত দুই দিন পুলিশ ওই পাহাড়ের একাধিক স্থানে অনুসন্ধান চালিয়ে অস্ত্রধারীদের শনাক্ত করতে পারেনি। ভারী বৃষ্টির কারণে পাহাড়ে সাঁড়াশি অভিযানও চালানো যাচ্ছে না। তবে পুলিশ গুরুত্ব দিয়ে বিষয়টি দেখছে।