টেকনাফের বাজারে কাঁচা আম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এখন আমের মৌসুম নয়। কিন্তু তারপরও কক্সবাজারের টেকনাফের বাজারে মিলছে কাঁচা আম। বিক্রিও হচ্ছে চড়া দামে।
এগুলো রাংগোয়াই জাতের আম। স্থানীয় লোকজন এই জাতের আমকে বলেন বুকসেলাই আম। মিয়ানমারের ভাষায় রাংগোয়াই অর্থ ‘বুকসেলাই’। আর ‘সি’ অর্থ হচ্ছে ফল। ‘রাংগোয়াইসি’ মানে হলো ‘বুকসেলাই ফল’।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবদুল লতিফ জানান, অবিশ্বাস্য হলেও এই শীতে টেকনাফের বাজারে বিক্রি হচ্ছে কাঁচা আম। আমের এই জাতটি এসেছে মিয়ানমার থেকে। এই আম রসাল, সুস্বাদু ও মিষ্টি। কোনো আঁশ নেই। তাই চাহিদাও বেশ। এটি রাংগোয়াই আম নামেও পরিচিত।
কৃষি বিভাগ জানায়, জলবায়ু পরিবর্তনের প্রভাবসহ বিভিন্ন কারণে কক্সবাজারে রাংগোয়াই জাতের আমের আগাম ফলন ভালো হচ্ছে। তিনি বলেন, এ জাতের আম দেশের অন্য কোথাও চাষ করলে মুকুল আসবে জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে।
গত শনিবার সকালে টেকনাফ পৌরসভার বাসস্ট্যান্ড এলাকায় কাঁচা আম বিক্রি করছিলেন দিল মোহাম্মদ। তাঁর বাড়ি উপজেলার সাবরাং ইউনিয়নের নয়াপাড়া গ্রামে। প্রতি কেজি কাঁচা আম বিক্রি হচ্ছে ৪০০ টাকা দরে।
দিল মোহাম্মদ (৫৫) বলেন, ১১ বছর আগে তিনি মিয়ানমারের মংডু শহরের সিকদারপাড়ায় বেড়াতে যান। সেখানে পাহাড়ের পাদদেশে তিনি এই জাতের আমের বাগান দেখতে পান। তারপর সেখান থেকে পাঁচ কেজি পাকা আম কিনে আনেন। পরে কৃষি বিভাগের পরামর্শ অনুযায়ী আঁটি থেকে গজানো চারা রোপণ করেন। পাঁচ বছরের মাথায় বেশির ভাগ গাছে মুকুল আসতে থাকে।
দিল মোহাম্মদ জানান, শনিবার তিনি বিক্রির জন্য ১৭টি গাছ থেকে ৬৮৪টি কাঁচা আম বাজারে এনেছেন। তিনি জানান, ১০টি আমে এক কেজি হয়। প্রতি কেজি আম ৪০০ টাকা হলে প্রতিটির দাম পড়ছে ৪০ টাকা।