টেকনাফের সংরক্ষিত বনে সাত ইটভাটা, পোড়ানো হচ্ছে কাঠ
সংরক্ষিত বনাঞ্চলের তিন কিলোমিটারের মধ্যে ইটভাটা নির্মাণ ও কাঠ পেড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ। এই আইন অমান্য করে কক্সবাজারের টেকনাফের সংরক্ষিত বনাঞ্চলের আধা কিলোমিটারের মধ্যে সাতটি ইটভাটা গড়ে উঠেছে। ইটভাটার মালিকেরা একশ্রেণীর কাঠচোরদের সহায়তায় বন উজাড় করে চলেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। অথচ ইটভাটায় কাঠ পোড়ানোর ওপরও নিষেধাজ্ঞা রয়েছে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১৯৮৯ সালের ইট পোড়ানো নিয়ন্ত্রণ আইন (সংশোধিত-২০০১) অনুযায়ী সংরক্ষিত বনাঞ্চলের তিন কিলোমিটারের মধ্যে ইটভাটা নির্মাণ ও কাঠ পোড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ। সেখানে উপজেলার সংরক্ষিত বনাঞ্চলের চিত্র ঠিক এর উল্টো।উপজেলার হিলা ইউনিয়নের মোচনি, লেদা ও হোয়াইখ্যং ইউনিয়নের দৈগ্যাকাটা ও লম্বাঘোনা এলাকায় ২০০০-২০০১ সালের মধ্যে ইটভাটাগুলো গড়ে উঠেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। সরেজমিনে দেখা গেছে, এসব ইটভাটায় ১২০ ফুট উচ্চতাসম্পন্ন স্থায়ী চিমনি আছে। কিন্তু ইট পোড়ানোর কাজে ব্যবহূত হচ্ছে সংরক্ষিত বনাঞ্চলের ছোট ছোট আকাশমণি, গজারি, শিমুলসহ বিভিন্ন প্রজাতির গাছ। এসব ইটভাটার সামনে কিছু কয়লাও স্তূপ করে রাখতে দেখা গেছে, যা দিয়ে ইট পোড়ানো সম্ভব নয়। কাঠ দিয়ে ইট পোড়ানোর ফলে চিমনি দিয়ে বেরোচ্ছে ঘন মেঘের মতো কালো ধোঁয়া। ফলে আশপাশের সংরক্ষিত বনাঞ্চলের গাছপালা ও গ্রামের গাছপালা ক্রমেই বিবর্ণ হয়ে যাচ্ছে। ইটভাটায় অবাধে কাঠ ব্যবহার করায় উজাড় হচ্ছে পাহাড়ের বৃক্ষসম্পদ।খোঁজ নিয়ে জানা গেছে, টেকনাফ সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান আলী আহম্মদের দুটি, ব্যবসায়ী শাহ আলমের দুটি, বর্তমান সাংসদ আবদুর রহমান ওরফে বদির ছোট ভাই আবদুল আমিনের একটি, হোয়াইখ্যং ইউপির সাবেক চেয়ারম্যান মোস্তাক আহম্মদের একটি এবং সাবদাং ইউপির সদস্য মো. হাশেমের একটি ইটভাটা রয়েছে।নাম প্রকাশে অনিচ্ছুক এক ইটভাটার ব্যবস্থাপক কাঠ পোড়ানোর কথা স্বীকার করে বলেন, ‘আমরা প্রথমে চুল্লিতে আগুন লাগানোর কাজ কাঠ দিয়ে শুরু করলেও পরে কাঠের পরিবর্তে কয়লা বা তুষের লাকড়ি ব্যবহার করি।’ কয়লা পোড়ালে সাদা ধোঁয়া বের হচ্ছে না কেন—এমন প্রশ্নের জবাবে তিনি কোনো উত্তর দিতে পারেননি।সরেজমিনে দেখা গেছে, অধিকাংশ ইটভাটার চুল্লি দিয়ে কালো ধোঁয়া বের হচ্ছে, অর্থাত্ কাঠ পোড়ানো হচ্ছে। সরকারিভাবে ইটভাটাগুলোর জন্য সুনির্দিষ্ট নীতিমালা থাকলেও প্রশাসনিকভাবে নজরদারির অভাবে তা অকার্যকর হয়ে পড়েছে। কাঠ পোড়ানো প্রসঙ্গে ইটভাটার মালিক আলী আহম্মদ ও মো. হাশেম জানান, আগুন ধরানোর সময় কাঠ ব্যবহার করা হলেও অন্য সময় কয়লা ও তুষ ব্যবহার করা হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আ ন ম নাজিম উদ্দিন বলেন, ‘ইট পোড়ানো নিয়ন্ত্রণ আইন অনুযায়ী সংরক্ষিত বনাঞ্চলের তিন কিলোমিটারের মধ্যে ইটভাটা নির্মাণ ও কাঠ পোড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ। তার পরও ইটভাটাগুলোর অনুমতি রয়েছে কি না, সে বিষয়ে খতিয়ে দেখা হবে।’