প্রথম আলোর কক্সবাজারের টেকনাফ প্রতিনিধি গিয়াস উদ্দিনকে হত্যার হুমকি দেওয়ার নিন্দা এবং হুমকিদাতাদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন উপজেলায় কর্মরত সাংবাদিকেরা। গতকাল রোববার এক বিবৃতিতে তাঁরা এই দাবি জানান।
বিবৃতিদাতারা হলেন: হাফেজ মুহাম্মদ কাসেম, আবুল কালাম আজাদ, ছিদ্দিকুর রহমান, নুরুল হক, আবদুল্লাহ মনির, সাইফুল ইসলাম সাইফী, শামসুল আলম শারেক, আবদুস সালাম, আবদুর রহমান, জসিম উদ্দিন টিপু, আবুল আলী, আবদুল কাইয়ুম, জিয়াবুল হক, গিয়াস উদ্দিন ভুলু, মো. শাহীন, সাইফুল ইসলাম, জসিম মাহামুদ, নুরুল হোসাইন, দেলোয়ার হোসাইন, এ টি এম ফয়সল, সাইফুদ্দিন মো. মামুন ও মো. সেলিম।
বিবৃতিতে বলা হয়, ‘সমাবেশ ডেকে প্রকাশ্যে হত্যার হুমকি আমাদের হতবাক করছে।’ বিবৃতিতে হুমকির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের আইনের আওতায় আনার জন্য সরকারের কাছে অনুরোধ জানানো হয়।
গত ১৮ জুন প্রথম আলোয় ‘মানব পাচার, ইয়াবা, রোহিঙ্গা বৈধকরণ—তিন তালিকাতেই সাংসদ বদি’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। সেদিন বিকেলে পৌর যুবলীগের ব্যানারে আয়োজিত প্রতিবাদ সভায় প্রথম আলোর টেকনাফ প্রতিনিধি গিয়াস উদ্দিনকে হত্যার হুমকি দেওয়া হয়।