টেকনাফের সাগরে ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে ইলিশ
এখন ভরা মৌসুম নয়; তবু কক্সবাজারের টেকনাফ উপকূলে ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে রুপালি ইলিশ। ট্রলার বোঝাই ইলিশ নিয়ে জেলেরা যখন সাগর থেকে ফিরছেন, তখন তাঁদের চোখেমুখে দেখা যাচ্ছে হাসির ঝিলিক। ‘অসময়ে’ হঠাত্ করে এভাবে ইলিশ ধরা পড়ায় খোদ জেলেরাই বিস্মিত হচ্ছেন। অনেক জেলে বলেছেন, গত ১৫-২০ বছরে এ মৌসুমে তাঁরা এত ইলিশ ধরা পড়তে দেখেননি।জেলেরা জানিয়েছেন, এই ইলিশ আকারে বেশি বড় নয়। প্রতিটির ওজন ৬০০ থেকে ৮০০ গ্রামের মধ্যে। এলাকা ঘুরে দেখা গেছে, টেকনাফ উপজেলার সেন্ট মার্টিন, শাহপরীর দ্বীপ, নয়াপাড়া, সাবরাং, টেকনাফ ও বাহারছড়া ফিশারিজ ঘাটে ছোট-বড় নৌকা ও ট্রলারে করে জেলেরা প্রতিদিন ইলিশ নিয়ে আসছেন।গত শনিবার টেকনাফে বাহারছড়া এলাকার ফিশারি ঘাটে গিয়ে জানা যায়, এক সপ্তাহ ধরে সেখানে প্রতিদিন গড়ে এক থেকে দেড় হাজার মণ ইলিশ আসছে। নৌ ও সড়কপথে এসব ইলিশ সেন্ট মার্টিন, শাহপরীর দ্বীপ, নয়াপড়া, সাবরাং, বাহারছড়া এলাকা থেকে সেখানে আনা হচ্ছে।কায়ুকখালীয়া ফিশারিজ ঘাটের আড়তদার ও মাছ ব্যবসায়ী আবদুর রহমান জানান, আষাঢ়, শ্রাবণ ও ভাদ্র মাসে এখানে সাধারণত গড়ে প্রতিদিন তিন থেকে পাঁচ হাজার ইলিশ ধরা পড়ে। এ মৌসুমে বলতে গেলে ধরাই পড়ে না। কিন্তু এ বছর তার ব্যতিক্রম দেখা যাচ্ছে।আড়তদারেরা জানিয়েছেন, গত বছর এ মৌসুমে টেকনাফ উপজেলার অধিকাংশ ফিশারিজ ঘাটের তাঁদের হাত-পা গুটিয়ে বসে থাকতে হয়েছিল। কিন্তু এ বছর তাঁদের সবাইকেই সারা দিন আড়তে ব্যস্ত থাকতে হচ্ছে। যেসব নৌকার মালিক ও জেলে তাঁদের কাছ থেকে দাদন নিয়েছিলেন, তাঁরা এখন ইলিশ দিয়ে দাদনের টাকা পরিশোধ করছেন।গত রোববার দুপুরে কয়েকটি আড়তে গিয়ে দেখা গেছে, আড়তদারেরা ৬০০ থেকে ৮০০ গ্রাম ওজনের ইলিশ ১২ হাজার টাকা মণ দরে (প্রতি কেজি ৩০০ টাকা দরে) পাইকারি ব্যবসায়ীদের কাছে বিক্রি করছেন। খুচরা বাজারে ৩৫০ থেকে ৩৮০ টাকা কেজি দরে সেগুলো বিক্রি হচ্ছে।বাহারছড়া ঘাটের আড়তদার মোহাম্মদ সালাম কোম্পানি জানান, অধিকাংশ জেলে ইলিশ বিক্রি করে দেনা শোধ করছেন।একই ঘাটের তরুণ ব্যবসায়ী নুরুল আমিন বলেন, ‘অসময়ে ইলিশ পাওয়ার এমন নজির এই প্রথম।’টেকনাফের জেলে খলিলুর রহমান এবং শাহপরীর দ্বীপ জেলেপাড়ার সোনা মিয়া বলেন, অন্য বছরগুলোতে এ সময় জেলে পরিবারগুলোকে অর্ধাহারে-অনাহারে দিন কাটাতে হতো। এ বছর তাঁরা দাদনের টাকা পরিশোধ করে ঘরে বস্তাভর্তি চাল কিনে রাখতে পারছেন। শাহপরীর দ্বীপের ইলিশ বিক্রেতা মোহাম্মদ আমিন বলেন, সাগরে আরও কিছুদিন এভাবে ইলিশ ধরা পড়বে বলে তাঁরা আশা করছেন।উপজেলা মত্স্য কর্মকর্তা অধীর চন্দ্র দাশ প্রথম আলোকে জানান, জাটকা নিধনে কড়াকড়ি আরোপ করায় সাগরে ইলিশের সংখ্যা বহুগুণ বেড়েছে। তাই এ মৌসুমে প্রচুর ইলিশ ধরা পড়ছে।