টেকনাফের সৈকতে ভেসে আসছে মৃত কচ্ছপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফের বিভিন্ন স্থানের সৈকতে গত কয়েক দিন ধরে ভেসে আসছে মৃত কচ্ছপ। তীরের কাছে নিষিদ্ধ কারেন্ট জাল ও সাগরে পেতে রাখা জালে আটকা পড়ার পর এসব কচ্ছপ মেরে ফেলা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ছাড়া সৈকতে ডিম পাড়তে আসা অনেক কচ্ছপকে পিটিয়ে মারা হচ্ছে।গত কয়েক দিন ধরে সেন্ট মার্টিন দ্বীপ, শাহপরীর দ্বীপ, নয়াপাড়া, খুররমুখ, মহেশখালীয়াপাড়া, লেঙ্গর বিল, মিঠাপানির ছড়া, জাহাজপুরা, বড় ডেইল ও শীলখালী এলাকার সৈকত ঘুরে ৫০টির বেশি মৃত কচ্ছপ পড়ে থাকতে দেখা গেছে।পরিবেশ অধিদপ্তরের স্থানীয় সূত্র জানায়, শীত মৌসুমে অনেক সামুদ্রিক কচ্ছপ সৈকতে ডিম পাড়তে আসার পথে মাছ ধরার জালে আটকা পড়ে। মাছ ধরার বড় ট্রলারগুলোর চলাচলের সময়ও আঘাতে মারা যায় অনেক মা কচ্ছপ। জালে আটকে পড়া কচ্ছপের বেশির ভাগই জেলেরা মেরে ফেলে।বাহারছড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাওলানা সাইফুল্লাহ বলেন, তাঁর এলাকায় গত কয়েক দিনে ২০টির বেশি মৃত কচ্ছপ ভেসে এসেছে। এ ছাড়া ডিম ছাড়তে আসা কচ্ছপ ধরে স্থানীয় বাজারে বিক্রি করা হচ্ছে।পরিবেশ অধিদপ্তরের সাবরাং গ্রাম সংরক্ষণ দলের সদস্য আবদুল আমিন বলেন, গত কয়েক দিনে এখানকার সৈকতে ১৫টির বেশি মৃত কচ্ছপ দেখা গেছে। শুধু জালে আটকে পড়েই কচ্ছপ প্রাণ হারায় না, ডিম ও বাচ্চা কচ্ছপ খেয়ে ফেলে কুকুর, শিয়ালসহ বিভিন্ন প্রাণী।শাহপরীর দ্বীপ ও সেন্ট মার্টিনের জেলে সুলতান আহমদ ও নুরুল আমিন বলেন, কচ্ছপগুলো আটকা পড়লে জাল ছিঁড়ে ফেলে, জীবিত অবস্থায় সেগুলো জাল থেকে ছাড়ানো যায় না। তাই বাধ্য হয়ে মেরে ফেলা হয়। ওই দুই জেলে জানান, ডিমওয়ালা বড় কচ্ছপ বিক্রি করে ভালো দাম পাওয়া যায়। তাই টাকার জন্যও কচ্ছপ মারা হয়।ট্রলারের কারণে মাছের পোনাসহ জলজ প্রাণী মারা যাচ্ছে উল্লেখ করে পরিবেশ অধিদপ্তরের জীববৈচিত্র্য কর্মকর্তা এ বি এম আমিনুল হক ট্রলারগুলোর চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ করার জন্য জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন। তিনি জানান, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) সহযোগিতায় পরিবেশ অধিদপ্তর ২০০৪ সাল থেকে সামুদ্রিক কচ্ছপের বংশ বিস্তার ও সংরক্ষণের জন্য কক্সবাজার থেকে সেন্ট মার্টিন ঊপকূলে কাজ করছে।উপজেলা মৎস্য কর্মকর্তা অধীরচন্দ্র দাশ অবৈধ কারেন্ট জাল ব্যবহার এবং তাতে আটকা পড়ে কচ্ছপ মারা যাওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রায়ই অভিযান চালিয়ে বিপুল পরিমাণ কারেন্ট জাল আটক করা হলেও তা বন্ধ করা যাচ্ছে না।বাংলাদেশ রাইফেলসের (বিডিআর) নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা বলেন, সৈকত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ কারেন্ট জাল আটক করে পুড়িয়ে ফেলা হয়েছে। অভিযান অব্যাহত থাকবে। টেকনাফের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আ ন ম নাজিম উদ্দিন বলেন, ‘কয়েক দিন ধরে সৈকতে মৃত কচ্ছপ ভেসে আসার খবর পাচ্ছি। ডিম পাড়তে আসা কচ্ছপ জালে আটকা পড়লে যাতে না মারা হয়, সে জন্য উপজেলা পরিষদের পক্ষ থেকে মাইকিং করে জেলেদের উদ্বুদ্ধ করার ব্যবস্থা নেওয়া হচ্ছে।’