অস্বাভাবিক জোয়ারে কক্সবাজারের টেকনাফের সাবরাং ইউনিয়নের ১৪টি গ্রাম প্লাবিত হয়েছে। গ্রামের বাসিন্দারা পানিবন্দী অবস্থায় তিন দিন ধরে দুর্ভোগ পোহাচ্ছে।
স্থানীয় লোকজন জানান, গত সোমবার ভোর থেকে বঙ্গোপসাগরে অস্বাভাবিক জোয়ার শুরু হয়। যার উচ্চতা স্বাভাবিকের চেয়ে তিন-চার ফুট বেশি। সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপের পশ্চিমপাড়া অংশের তিন কিলোমিটারের বেশির ভাগ এলাকায় বেড়িবাঁধ না থাকায় জোয়ারের পানি সহজেই ইউনিয়নের ভেতরে ঢুকে পড়ে।
স্থানীয় লোকজন জানান, অস্বাভাবিক জোয়ারে হারিয়াখালী, কচুবনিয়া, কাটাবনিয়া, লাফাঘোনা, ঘোলাপাড়া, ক্যাম্পপাড়া, মাঝরডেইল, জালিয়াপাড়া, মগপুরা, উত্তরপাড়া, ডাংগরপাড়া, পশ্চিমপাড়া, মাঝরপাড়া, দক্ষিণপাড়া এলাকা প্লাবিত হয়েছে। এসব গ্রামের বেশির ভাগ গ্রামীণ সড়ক ও বাড়িঘর এখন জোয়ারের পানিতে নিমজ্জিত।
উত্তরপাড়ার আবদুল খালেক ও ডাংগরপাড়ার আবদুর সবুর বলেন, বেড়িবাঁধ না থাকায় ঘরবাড়িতে পানি ওঠে যায়। বর্তমানে বেশির ভাগ বাড়িতে রান্না করে খাওয়ার অবস্থাও নেই। তাঁরা বলেন, এলাকায় কোনো আশ্রয়কেন্দ্র না থাকায় তাঁরা আশ্রয়হীন হয়ে পড়েছেন।
এলাকার লোকজন বলেন, সাগরের ঢেউ এসে বাড়িতে আঘাত করায় তাঁরা বর্তমানে আতঙ্কের মধ্যে আছেন। চলতি মাসে শতাধিক পরিবার ঘরবাড়ি হারিয়ে অন্যত্রে চলে গেছে।
সাবরাং ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হামিদুর রহমান বলেন, অস্বাভাবিক জোয়ারে তাঁর ইউনিয়নের বেশির ভাগ গ্রাম প্লাবিত হয়েছে। ১৪ গ্রামের অধিকাংশ বাড়িতে চুলায় আগুন দেওয়াও সম্ভব হচ্ছে না।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ মোজাহিদ উদ্দিন প্রথম আলোকে বলেন, ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণসামগ্রী বরাদ্দ দিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে।