টেকনাফের ১৫ গ্রামে ঈদের আনন্দ নেই
পবিত্র ঈদুল ফিতরের আর মাত্র দুই দিন বাকি। অথচ কক্সবাজারের টেকনাফে ১৫টি গ্রামের অর্ধলক্ষাধিক মানুষের মাঝে ঈদের আনন্দ নেই। এসব এলাকার মানুষ জোয়ারের পানির আতঙ্কে জীবনযাপন করছে। নাফ নদী ও বঙ্গোপসাগর বেড়িবাঁধসংলগ্ন গ্রামের লোকজনের মধ্যে ঈদ নিয়ে কোনো উচ্ছ্বাস নেই। দীর্ঘ জলাবদ্ধতায় তাদের আনন্দ যেন জোয়ারের পানিতে ভেসে গেছে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, পূর্ণিমা, অমাবস্যা ও টানা ভারী বর্ষণে ছয় বছর ধরে নাফ নদী ও বঙ্গোপসাগরের পানি ভাঙা বেড়িবাঁধ দিয়ে জোয়ারের আসা-যাওয়ার কারণে টেকনাফ পৌরসভার লোকজনকে অসহনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে। পাশাপাশি টেকনাফ-শাহ পরীর দ্বীপ সড়ক বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় ভাটার সময় বাঁশের সাঁকো ও জোয়ারের সময় নৌযান দিয়ে লোকজনকে পারাপার হতে হয়।শাহ পরীর দ্বীপ বিলপাড়ার বাসিন্দা সোনা আলী বলেন, ‘ভারী বর্ষণ ও জোয়ারের পানি ঢুকে হঠাৎ আমাদের গ্রামটি ডুবে যায়। পশ্চিমে রাস্তা, পূর্বে বেড়িবাঁধ থাকলেও কোনো স্লুইসগেট না থাকায় এলাকার বসতবাড়ি ডুবে রয়েছে। এ অবস্থায় ঈদের আনন্দ পানির সঙ্গে মিশে গেছে।’টেকনাফ সদর ইউনিয়নের মৌলভীপাড়া গ্রামের সৈয়দ আলম ও রশিদ আহমদ ক্ষোভের সঙ্গে বলেন, ‘গত বছর এমপি-ডিসি-চেয়ারম্যানরা আমাদের দুর্ভোগ দেখে গেছেন। তখন বলেছিলেন, জোয়ারের পানি আসা বন্ধ হয়ে যাবে! কিন্তু এক বছর পেরিয়ে গেলেও তাঁরা কথা রাখতে পারেননি।’জালিয়াপাড়া গ্রামের আম্বিয়া খাতুন ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘ঘরে মাচা বেঁধে পরিবারের ছেলেমেয়েদের নিয়ে হাঁটুপানিতে বসবাস করছি। গরিব হওয়ায় অন্যত্র চলে যেতে পারছি না। এর মধ্যে সামনে ঈদ। ছেলেমেয়েরা প্রতিদিন নতুন কাপড়-চোপড়ের জন্য কান্নাকাটি করছে। ঠিকমতো খাওয়া-দাওয়া করতেও পারছি না। তাদের নতুন কাপড় দেব কীভাবে?’ টেকনাফ উপজেলা পরিষদের চেয়ারম্যান শফিক মিয়া বলেন, সরকারিভাবে কিছু চাল দেওয়া হলেও সেগুলো পর্যাপ্ত না। ১৫টি গ্রামের অর্ধলক্ষাধিক মানুষ পানিবন্দী থাকায় ওই সব গ্রামে ঈদের আনন্দ নেই।