টেকনাফের ২০ গ্রামে খাওয়ার পানির সংকট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেড়িবাঁধের খোলা অংশ দিয়ে লোকালয়ে ঢুকছে জোয়ারের লবণাক্ত পানি। গত বৃহস্পতিবার টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ ঘোলাপাড়া এলাকা থেকে তোলা ছবি l প্রথম আলো
বেড়িবাঁধের খোলা অংশ দিয়ে লোকালয়ে ঢুকছে জোয়ারের লবণাক্ত পানি। গত বৃহস্পতিবার টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ ঘোলাপাড়া এলাকা থেকে তোলা ছবি l প্রথম আলো

জোয়ারের সঙ্গে সাগরের লোনা পানি প্রবেশ করায় কক্সবাজারের টেকনাফের সাবরাং ইউনিয়নের ২০ গ্রামের প্রায় ৩০ হাজার মানুষ বিশুদ্ধ খাওয়ার পানির সংকটে পড়েছে। এলাকার নলকূপগুলোতে লবণাক্ত জোয়ারের পানি ঢোকায় এ সংকট দেখা দিয়েছে। গত ২১ মে ঘূর্ণিঝড় রোয়ানুর আঘাতের সময় ভাঙা বেড়িবাঁধ দিয়ে লোনা পানিতে ওই গ্রামগুলো তলিয়ে যায়।
সাবরাং ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুর হোসেন তাঁর ইউনিয়নের ২০ গ্রামে জরুরি ভিত্তিতে বিশুদ্ধ খাওয়ার পানির ব্যবস্থা করার জন্য সরকারের প্রতি দাবি জানান।
টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সের শিশুবিশেষজ্ঞ আতাউর রহমান বলেন, লবণাক্ত পানি প্রবেশ করা নলকূপ, পুকুরের পানি ব্যবহার ও পান করা থেকে গ্রামবাসীকে বিরত থাকতে হবে। তা না হলে ডায়রিয়া, জন্ডিস, পেটের পীড়া রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা বেড়ে যাবে।
স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপের ঘোলাপাড়া, দক্ষিণপাড়া, মাঝরপাড়া, হাজীপাড়া, পশ্চিমপাড়া, ডাঙ্গারপাড়া, উত্তরপাড়া, মাঝরডেইল, ক্যা¤পপাড়া, জালিয়াপাড়া, মগপুরা, বিলপাড়া, হারিয়াখালী, কচুবনিয়া, কাটাবনিয়া, লাফার ঘোনা, আচারবনিয়া, চান্ডলিপাড়া, ঝিনাপাড়া ও চৌধুরীপাড়া এলাকার নলকূপগুলোতে লোনা পানি প্রবেশ করেছে। এসব নলকূপের পানি এখন গৃহস্থালির কাজেও ব্যবহার করা যাচ্ছে না।
উত্তরপাড়ার বাসিন্দা জসিম উদ্দিন ও রেজাউল করিম ক্ষোভ প্রকাশ করে বলেন, খাওয়ার পানি সংগ্রহের কষ্ট কী তা বলে বোঝানো যাবে না। সাবরাং ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য নুরুল আমিন বলেন, এলাকার অনেক নলকূপের পানি ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে।
এ বিষয়ে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী ক্য ছাই মং চাক বলেন, বাঁধ মেরামত না হওয়া পর্যন্ত লোনা পানি প্রবেশ করা নলকূপগুলো ঠিক করা সম্ভব নয়।
ভাঙা বেড়িবাঁধ সংস্কারের বিষয়ে পানি উন্নয়ন বোর্ড টেকনাফের উপসহকারী প্রকৌশলী গিয়াস উদ্দিন বলেন, ২০১২ সালের ২২ জুলাই শাহপরীর দ্বীপের পশ্চিমপাড়া অংশে প্রায় ৩০০ মিটার বেড়িবাঁধ ধসে যায়। ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ আর মেরামত করা হয়নি।
টেকনাফ উপজেলা পরিষদের চেয়ারম্যান জাফর আহমদ বলেন, নলকূপগুলোর পানি লবণাক্ত হয়ে ৩০ হাজারের বেশি মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। কিন্তু বাঁধ মেরামত না হওয়া পর্যন্ত এ সমস্যা সমাধান করা কোনোভাবে সম্ভব হচ্ছে না।
জানতে চাইলে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) জেলা নির্বাহী প্রকৌশলী সবিবুর রহমান প্রথম আলোকে বলেন, সম্প্রতি সরেজমিনে ওই এলাকা তিনি পরিদর্শন করেছেন। বাঁধ স্থায়ীভাবে মেরামতের জন্য টাকা বরাদ্দ চেয়ে মন্ত্রণালয়ে প্রতিবেদন পাঠিয়েছেন বলে জানান তিনি। বাঁধ নির্মাণকাজ কবে থেকে শুরু করা হবে, জানতে চাইলে তিনি বলেন, বরাদ্দ পেলেই কাজ শুরু করা হবে।