টেকনাফের ৩৯ গ্রাম পানির নিচে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পূর্ণিমার জোয়ারের পানি ও পাহাড়ি ঢলে কক্সবাজারের টেকনাফ উপকূলে ৩৯টি গ্রাম প্লাবিত হয়েছে। ফলে সংশ্লিষ্ট এলাকায় কমপক্ষে এক লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। উত্তর বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে স্বাভাবিকের চেয়ে তিন-চার ফুট উচ্চতার জোয়ারে প্রায় ৪৫ কিলোমিটার বেড়িবাঁধের বিভিন্ন স্থানে ভাঙন দেখা দিয়েছে।সরেজমিনে গিয়ে দেখা গেছে, মূলত ৭০-৮০ ফুট ও ৪০-৫০ ফুটের দুটি ভাঙা অংশের পাশাপাশি বেড়িবাঁধের নতুন নতুন ভাঙন দিয়ে জোয়ারের পানি ঢুকছে। এতে ৩৯টি গ্রাম, এলাকা পানিতে ডুবে গেছে। এর মধ্যে রয়েছে, পৌরসভার সাইডপাড়া, উত্তর জালিয়াপাড়া, দক্ষিণ জালিয়াপাড়া, খাংকার ডেইল, চৌধুরীপাড়া, শীলবনিয়াপাড়া, কুলালপাড়া, কায়ুকখালিয়াপাড়া, সাবরাং ইউনিয়নের নয়াপাড়া, চৌধুরীপাড়া, মগপাড়া, ঝিনাপাড়া, আছারবনিয়া, শাহপরীর দ্বীপের জালিয়াপাড়া, ক্যাম্পপাড়া, মাঝারপাড়া, দক্ষিণপাড়া, ঘোলাপাড়া, মিস্ত্রিপাড়া, সদর ইউনিয়নের নাজিরপাড়া, মৌলভীপাড়া, কেরুনতলি, বরইতলি, নাইট্যংপাড়া, হ্নীলার দমদমিয়া, লেদা, রঙ্গিখালী, চৌধুরীপাড়া, বাজারপাড়া, ওয়াব্রাং, হোয়াইক্যংয়ের মৌলভীবাজার, খারাংখালী, মিনাবাজার, কানজরপাড়া, ঝিমংখালী, লম্বাবিল, উনছিপ্রুং, উলুবনিয়া ও কাটাখালী। এসব এলাকায় অসংখ্য ঘরবাড়ি, পানের বরজ, মরিচখেত ও চিংড়িঘের পানিতে তলিয়ে গেছে। হুমকির মুখে পড়েছে আরও প্রাথমিক বিদ্যালয়, মসজিদ, মাদ্রাসা ও কয়েকটি শুঁটকিপল্লি।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপকূলীয় বেড়িবাঁধ বিধ্বস্ত হয়ে ২০০৭, ২০০৮, ২০০৯ ও ২০১০ সালে বঙ্গোপসাগরে সৃষ্ট একের পর এক ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে বাঁধের বিভিন্ন অংশ ভেঙে যায়। এলাকার নুরুল হাসান (৪০), জাফর আহমদ (৫৫) ও নুর জাহান বেগম (৩৮) আক্ষেপ করে বলেন, ‘২০০৭ সালে সিডরের সময় ভাঙনে বেড়িবাঁধ মেরামত না করায় প্রায় পাঁচ বছর ধরে পানি নিয়ে যুদ্ধ করছি। এ দেশে কোনো সরকার নেই।’এলাকাবাসী অভিযোগ করেন, জনপ্রতিনিধিরা নাকে তেল দিয়ে ঘুমান। এলাকাবাসীকে জলোচ্ছ্বাস, লঘুচাপ, নিম্নচাপ, পূর্ণিমা-অমাবস্যার জোয়ারের পানি ও পাহাড়ি ঢলের বাড়িঘর ও আসবাব নিয়ে ব্যস্ত থাকতে হচ্ছে।পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) টেকনাফ অঞ্চলের উপ-প্রকৌশলী আবু তালহা বলেন, সাগরে লঘুচাপ, পূর্ণিমার জোয়ারের পানি ও পাহাড়ি ঢলের কারণে উপকূলীয় এলাকার ৪৫ কিলোমিটার বেড়িবাঁধে বিভিন্ন অংশে ভাঙনে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। সিডরে ভাঙা বাঁধ মেরামতের জন্য প্রায় ৪০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। কাজ শেষ করার আগে আবার ১৫টির বেশি স্থানে নতুন করে ভাঙন দেখা দেয়।কক্সবাজারের আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. শহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, উত্তর বঙ্গোপসাগরে লঘুচাপ বিরাজ করছে। ফলে ঝোড়ো হাওয়া ও বৃষ্টি হতে পারে। উপকূলীয় এলাকার পাশাপাশি চরগুলোতে স্বাভাবিকের চেয়ে তিন-চার ফুট উচ্চতায় জলোচ্ছ্বাস হতে পারে। চট্টগ্রাম, মংলা সমুদ্রবন্দর ও কক্সবাজারকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আ ন ম নাজিম উদ্দিন বলেন, জোয়ারের পাশাপাশি পাহাড়ি ঢলে উপজেলার কিছু গ্রাম প্লাবিত হয়েছে। এতে হাজার হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কাবিখা ও কর্মসৃজন থেকে প্রায় ২৮ লাখ টাকা বরাদ্দ দিয়ে কাজ করা হলেও জোয়ারের পানিতে সেগুলো ভেঙে যাচ্ছে। টেকনাফ উপজেলার চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিক মিয়া বলেন, উপজেলায় জোয়ারের পানি বেড়ে ৩৯টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে প্রায় এক লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে।